কলকাতা: গরমের ছুটি (Summer Vacation 2026) শেষে সোমবার থেকে খুলেছে রাজ্যের স্কুল। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কার্যকর হল রাজ্য সরকারের নতুন নির্দেশ। আজ থেকে স্কুলের প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলকভাবে গাওয়া হচ্ছে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। শুধু স্কুল নয়, রাজ্যের বিভিন্ন মাদ্রাসাতেও একই নিয়ম কার্যকর হয়েছে বলে শিক্ষা দফত র সূত্রে জানা গিয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ অংশই গাইতে হবে। গানটি গাইতে সময় লাগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। তার সঙ্গে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ যোগ করলে মোট সময় দাঁড়ায় প্রায় চার মিনিটেরও বেশি। অনেক স্কুলে আবার নিজস্ব প্রার্থনা সঙ্গীতও রয়েছে। ফলে সকালের প্রার্থনা পর্বের সময়সীমা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: লোকভবনে শুরু মন্ত্রীদের শপথ, শুভেন্দু মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ৩৫ নতুন বিধায়ক
বেশ কয়েকজন শিক্ষক জানিয়েছেন, গরমের ছুটির সময় থেকেই পড়ুয়াদের গানটি শিখে আসতে বলা হয়েছিল। তবে অনেক ছাত্রছাত্রীর এখনও পুরো গান মুখস্থ হয়নি। সেই কারণে প্রথম কয়েক দিন মোবাইল বা সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে শিক্ষার্থীদের সঙ্গে গলা মেলানোর ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষক মহলের একাংশের মতে, ধাপে ধাপে অনুশীলনের সুযোগ দিলে পড়ুয়াদের পক্ষে গানটি আয়ত্ত করা সহজ হবে। তাই আপাতত অনেক স্কুলেই অডিও বাজিয়ে ‘বন্দে মাতরম’ গাওয়ানো হচ্ছে। পরে গান মুখস্থ হয়ে গেলে এই ব্যবস্থা তুলে নেওয়া হতে পারে।
এদিকে, রাজ্যের মাদ্রাসাগুলিতেও একই নির্দেশ কার্যকর হয়েছে। কয়েকজন মাদ্রাসা প্রধানের বক্তব্য, ‘বন্দে মাতরম’-এর প্রথম অংশ নিয়ে সাধারণত আপত্তি নেই। তবে সম্পূর্ণ গান গাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও সরকারি নির্দেশ মেনেই প্রার্থনা পর্ব পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার সকালে কলকাতা থেকে জেলা, বিভিন্ন স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়ার ছবি সামনে এসেছে। বহু শিক্ষক ও পড়ুয়াকে একসঙ্গে গান গাইতে দেখা যায়। নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও শিক্ষামহলেও আলোচনা শুরু হয়েছে।
শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী দিনে এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
