ওয়েব ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা (Resign) দিলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। বৃহস্পতিবার নিজেই ঘোষণা করেন, তাঁর উত্তরসূরি হচ্ছেন কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতা ডিকে শিবকুমার (DK Shivakumar)। একইসঙ্গে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একটি প্রাতঃরাশ বৈঠকে বসেন সিদ্দারামাইয়া। সেখানে উপস্থিত ছিলেন ডিকে শিবকুমারও। বৈঠকেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান এবং উত্তরসূরি হিসেবে শিবকুমারের নাম অনুমোদন করেন। বৈঠক শেষে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। শিবকুমার সিদ্দারামাইয়ার পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর লোকভবনে গিয়ে রাজ্যপালের উদ্দেশে ইস্তফাপত্র জমা দেন সিদ্দারামাইয়া। যদিও সেই সময় রাজ্যপাল উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অসম বিধানসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল
ইস্তফার পর দুপুরে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি বলেন, “দু’দিন আগে হাই কমান্ড আমাকে পদত্যাগ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী আজ আমি ইস্তফাপত্র জমা দিয়েছি। দু’দফায় কর্নাটকের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে ধন্যবাদ জানাই।”
এদিকে, বুধবার থেকেই জল্পনা শুরু হয়েছিল যে ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হলেও সিদ্দারামাইয়াকে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে কংগ্রেস নেতৃত্ব। তাঁকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সেই প্রস্তাবের কথা স্বীকার করলেও সিদ্দারামাইয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাজ্যসভায় যেতে রাজি নন।
দেখুন আরও খবর:
