কলকাতায় তুমুল ঝড়বৃষ্টি, লাগাতার বজ্রপাত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

0
41

কলকাতা: সোমবার সকাল থেকে চড়া রোদ সঙ্গে হাসফাঁস করা গরম। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে বদল আবহাওয়াতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু তুমুল বৃষ্টি (South Bengal Rainwfall)। সেই সঙ্গে কালবৈশাখীর (Kolkata Kalbaishakhi) দাপটে লণ্ডভণ্ড শহর। রাতে বাড়ির ফেরার সময় চরম ভোগান্তিতে পরতে হল অফিস ফেরত যাত্রীদের। একদিকে ঝড়বৃষ্টি সেই সঙ্গে ঘন ঘন বাজ, রাস্তায় দেখা গেল হাতেগোনা বাস-অটো। যাও বা অটো মিলল তাতে গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া। দীর্ঘ অপেক্ষার পরও বুকিং মিলল না উবের-যাত্রীসাথীর মতো অ্যাপক্যাবের। সব মিলিয়ে বাড়ি ফিরতে নিত্যযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হল। এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সতর্কবার্তা দুই চব্বিশ পরগনা ও কলকাতার জন্য।

আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই মতো সন্ধ্যে নামতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি ও বজ্রপাত। প্রবল বৃষ্টির জেরে সোমবার ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচও বন্ধ রাখতে হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ জারি করা নাউকাস্ট সতর্কতায় ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে।সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ফলে আপাতত বলাই যায়, চৈত্রের তীব্র দহনজ্বালা এ দিনের মতো মুক্তি রাজ্যবাসীর।

আরও পড়ুন: ইডেনে শুরু বৃষ্টি, বন্ধ হল খেলা, ঢেকে দেওয়া হলো পিচ

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বজ্রপাতের ঝুঁকি এবং গাছ ভেঙে পড়ার আশঙ্কা। তাই ঝড়বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা মাঠ, জলাশয় বা একা দাঁড়ানো গাছের নিচে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ, কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায় মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেজন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আরও তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে, বাতাসের গতিবেগ ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here