তৃণমূলের ফাঁস করা ‘ফর্ম-৬’ নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির! কী বলল পদ্ম শিবির? দেখুন

0
28

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে ‘ফর্ম-৬’ (Form-6 Controversy) ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। শাসক এবং বিরোধী- দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে। তৃণমূলের (TMC) তরফে অভিযোগ করা হয়েছিল, ‘ফর্ম-৬’ জমা দেওয়ার মাধ্যমে ভিনরাজ্যের মানুষদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার এ নিয়ে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিজেপি (BJP) ও কমিশনের (Election Commission) গোপন আঁতাতের অভিযোগও সামনে আনা হয়।

এর পর ঘটনাকে কেন্দ্র করে পাল্টা আক্রমণে নামে বিজেপিও। পদ্ম শিবিরের দাবি, তৃণমূল যে সাতটি ফর্মের ছবি প্রকাশ করেছে, তার মধ্যে চারটি এমন ব্যক্তিদের আবেদন, যাঁদের নাম আগেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বাকি আবেদনগুলি নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য। বিজেপির বক্তব্য, আবেদনকারীদের পদবি, যেমন বন্দ্যোপাধ্যায়, দে, যা দেখলেই বোঝা যায় তাঁরা বাঙালি। সুতরাং ‘বহিরাগত’ তকমা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান! রেগে গাড়ি থেকে নেমে কী করলেন বিজেপি প্রার্থী? দেখুন

এই প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তোলেন, বাঙালি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এমনকি টেনিস তারকা লিয়েন্ডার পেজের নামও টেনে এনে তাঁকে ‘বহিরাগত’ বলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই অভিযোগের জবাবে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন, বিজেপিই বাঙালি হিন্দুদের নাম বাদ দিয়েছে এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের ‘রোহিঙ্গা’ বলে চিহ্নিত করেছে। তাঁর কথায়, বিজেপি নিজেই নিজের ফাঁদে পড়েছে।

এদিকে ‘ফর্ম-৬’ জমা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রশাসনিক ব্যাখ্যা দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সিইও দফতরে বিভিন্ন ধরনের নথি জমা পড়ে, তার মধ্যে ‘ফর্ম-৬’ও রয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই যাচাই করা হয় কার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here