ওয়েব ডেস্ক: লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে উল্কার গতিতে উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। ওপেনিং স্পটে তাঁর জায়গা আপাতত বেশ কিছুদিনের জন্য পাকা। যশস্বী খাঁটি ব্যাটার, তবে কখনো-সখনো লেগস্পিন বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার নতুন অবতারে দেখা গেল তাঁকে, মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে উইকেটকিপিং করছেন তিনি।
১১ অক্টোবর চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি মরসুম শুরু করবে মুম্বই। সেই দলের প্রথম এগারীয় নিঃসন্দেহে জায়গা হবে যশস্বীর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গেল, গ্লাভস পরে উইকেটকিপারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ব্যাপার কী? পরিকল্পনাটা ঠিক কী যশস্বীর?
আরও পড়ুন: ক্যান্ডি ক্রাশ গেমে বিশ্বরেকর্ড করলেন বিহারের তরুণ
মুম্বই দলে তাঁর অধিনায়ক সিদ্ধেশ লাড বলছেন, খেলায় আর একটি মাত্রা যোগ করার চেষ্টা করছেন। তবে দস্তানা হাতে দায়িত্ব নিয়মিত সামলাবেন কি না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। লাড বলেন, “আমার মনে হয়, ও (যশস্বী) উইকেটকিপিং শুরু করার জন্য খুব খাটছে। আমি ওর কাছে এটাই শুনেছি। ও মুম্বই এবং ভারতের হয়ে কিপিং করতে চায়, ওটাই ওর লক্ষ্য। এটা আমার মনে হচ্ছে, তবে এ নিয়ে সম্পূর্ণ পরিষ্কার নই আমি।”
লাড আরও বলেন, “ও উইকেটকিপিংয়ের অনুশীলন শুরু করেছে কারণ ও মনে করে যে নিজের খেলায় আরও কিছু যোগ করা প্রয়োজন। আসল উদ্দেশ্য কী তা নিয়ে আমি নিশ্চিত নই, তবে এই মুহূর্তে ও উইকেটকিপিং অনুশীলন করছে এবং নিয়মিত অনুশীলন চালিয়ে গেলে তাতে নিশ্চয়ই অভ্যস্ত হয়ে উঠবে।
