ওয়েব ডেস্ক : আইপিএলে (IPL) নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০২৭ মরসুমের জন্য তাঁকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এর আগে দিল্লির ক্রিকেট ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব সামলালেও এই প্রথম আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিতে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। হেমাঙ্গ বদনির নেতৃত্বাধীন কোচিং দলকে সরিয়ে সৌরভের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। রিকি পন্টিংয়ের কোচিং পর্বেও দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবেও কাজ শুরু করেছেন। প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের শীর্ষ পদ সামলানো সৌরভ এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান আইপিএলে (IPL)। এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি দিল্লি।
আরও খবর : অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর
সৌরভকে (Sourav Ganguly) হেড কোচ করার ঘোষণা করতে একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে সৌরভের বার্তা, আর শুধু বাইরে থেকে দলকে দেখার সময় শেষ। এবার সরাসরি মাঠের লড়াইয়ে দলের সঙ্গে থাকতে চান তিনি। তাঁর কথায়, দিল্লির জন্য এবার সময় এসেছে। দলের চেয়ারম্যান পার্থ জিন্দালও সৌরভের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, সৌরভের নেতৃত্ব ও অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করে তুলবে।
নতুন মরসুমে সৌরভের সঙ্গে কোচিং স্টাফে থাকছেন যুবরাজ সিং, চামিন্ডা ভাস ও অমিত মিশ্র। যুবরাজ দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের, ভাস ফাস্ট বোলিং কোচ এবং অমিত মিশ্র স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। একইসঙ্গে ২০২৭ মরসুমে দিল্লি ক্যাপিটালসে ফেরার কথা ঋষভ পন্থের। ফলে নতুন কোচিং টিম নিয়ে মরসুম শুরুর আগেই দিল্লির পরিকল্পনা শুরু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, সৌরভের হাত ধরেই কি আইপিএলের অধরা ট্রফি আসবে দিল্লির দরবারে?
