ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য পর্তুগাল। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর আর খেলানো হয়নি তাঁকে। তাতে খারাপ তো হয়ইনি, বরং পর্তুগালের আক্রমণ আরও মারাত্মক হয়ে উঠেছে। গ্রুপ পর্বের চার ম্যাচে চারটেই জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। নরওয়েকে আগের সপ্তাহে তাদের ঘরের মাঠে হারানোর পর এবার নিজেদের ঘরে পেড়ে ফেলল পর্তুগাল।
নরওয়ের সেরা তারকা এর্লিং হালান্ড খেললেও তিনি এদিন একেবারেই নিষ্প্রভ ছিলেন। পোর্তোর মাঠে অবশ্য প্রথমে গোল করে এগিয়ে যায় হালান্ডের দেশই। দুরন্ত শটে গোল করেন ডিফেন্ডার ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ের। ম্যাচের তখন ৩৬ মিনিট। ঠিক দু’ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে গোলার মতো শটে সমতা ফেরান জোয়াও ক্যানসেলো। আয়েরের থেকে ক্যানসেলোর গোল আরও দৃষ্টনন্দন ছিল।
আরও পড়ুন: ৯২-তে রোহিতের আউটেই হতাশ গাভাসকর! কেন?
৭৯ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন স্ট্রাইকার গনসালো রামোস। রোনাল্ডো যে পোজিশনে খেলেন, রামোস সেই সেন্টার ফরোয়ার্ডে খেলছেন। পরপর দুই ম্যাচে গোল করে ফেললেন তিনি। ম্যাচের শেষ দিকটায় গোলমাল পাকল। পর্তুগিজ ফরোয়ার্ড ফাবিও কোয়েনসিকাও রেফারিকে ভুলভাল বলে লাল কার্ড দেখলেন। এদিকে নরওয়ে একটা পেনাল্টি পেতে পারত, কিন্তু রেফারি কিংবা ভিএআর, কেউই আবেদনে সাড়া দেয়নি।
চার ম্যাচের চারটেতেই জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল গতবারের চ্যাম্পিয়নরা। এই গ্রুপে বাকি তিনটি টিম হল ডেনমার্ক, ওয়েলস এবং নরওয়ে। তিন দলেরই চারটে করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকে একটা করে ম্যাচ জিতেছে। হাতে আর দুটো করে ম্যাচ তাদের, শেষ পর্যন্ত কোন দল যেতে পারে সেটাই দেখার।
