ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৭-এর (IPL 2027) আগে বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড (Kieron Pollard)। গত চারটি আইপিএল মরশুমে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবার মাহেলা জয়বর্ধনের জায়গায় মুম্বইয়ের প্রধান কোচের দায়িত্ব পেলেন পোলার্ড। গত সপ্তাহেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন জয়বর্ধনে।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের আইপিএল মরশুমের আগে ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর উপস্থিতিতেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। পাশাপাশি ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের দলেও ছিলেন তিনি। আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলে ৩৪১২ রান করেছেন পোলার্ড। তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৩২। বল হাতে নিয়েছেন ৬৯টি উইকেট।
আরও খবর : ফিট হলেই দলে ফেরার আশ্বাস দিয়েছিলেন কোহলি! ফোন ও মেসেজের জবাব পাননি, দাবি অমিত মিশ্রর
২০২২ সালে শেষবার আইপিএলে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন পোলার্ড। এরপর ২০২৩ মরশুমের আগে প্রতিযোগিতা থেকে অবসর নিয়ে মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব গ্রহণ করেন। এবার প্রথমবার কোনও দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। আইপিএলের পাশাপাশি এমএলসি, আইএলটি-টোয়েন্টি ও এসএ-টোয়েন্টিতে মুম্বইয়ের সহযোগী ফ্র্যাঞ্চাইজিগুলির হয়েও খেলেছেন তিনি।
দায়িত্ব পেয়ে পোলার্ড বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পাওয়া আমার কাছে সম্মানের। এই দল আমার জীবন ও কেরিয়ারের বড় অংশ। ক্রিকেটার এবং কোচ—দুই ভূমিকাতেই এই দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে আমার। মুম্বই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং এই দলের হয়ে কাজ করার দায়িত্ব কতটা, তা আমি বুঝি।”
দলের মালিক নীতা আম্বানিও পোলার্ডের নিয়োগ নিয়ে আশাবাদী। তাঁর বক্তব্য, মাত্র ২২ বছর বয়সে মুম্বইয়ে যোগ দেওয়ার পর গত ১৬ বছরে পোলার্ড দলের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। এবার কোচ হিসেবেও তাঁর অভিজ্ঞতা ও দায়বদ্ধতা দলকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা নীতা আম্বানির।
