ওয়েব ডেস্ক : অরুণাচল প্রদেশের পর এবার ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ল মেঘালয় দলেও। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে বদলে দেওয়া হল গোটা দল। প্রথম তিনটি ম্যাচে যে দল খেলেছিল, তাদের সরিয়ে নতুন ক্রিকেটারদের নিয়ে মাঠে নামে মেঘালয়।
বিতর্কের কেন্দ্রে মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্দরের ক্ষমতার লড়াই। বোর্ডের সভাপতি জেমস সাংমার সঙ্গে অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের বিরোধ চলছিল। যৌন হেনস্থার অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগে সচিব রেয়োনাল্ড খারখামনিকে সাসপেন্ড করা হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেই সংঘাতের সূত্রপাত। প্রথম তিনটি ম্যাচের জন্য দল নির্বাচন করেছিল অ্যাপেক্স কাউন্সিল। কিন্তু আদালতের নির্দেশে খারখামনির সাসপেনশন বহাল থাকে। তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীর নেওয়া সিদ্ধান্তগুলিকেও অবৈধ বলে গণ্য করা হয়। এরপর জেমস সাংমার গোষ্ঠী নতুন দল বেছে নেয়।
আরও খবর : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত, কোহলির ব্যাটে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া
ম্যাচের আগে পুরনো দলের ক্রিকেটাররা অনুশীলন করেছিলেন। নাগাল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিয়ে ম্যাচ রেফারি অরিন্দম সরকারের সঙ্গেও বৈঠক করেন তাঁরা। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল, বিসিসিআইয়ের অনুমোদন থাকলে তাঁরা খেলতে পারবেন। কিন্তু সন্ধ্যায় ফোন করে জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশে তাঁদের দল আর বৈধ নয়।
পরিস্থিতি আরও জটিল হয় দলের ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগে। অভিযোগ, নিরাপত্তার আশঙ্কায় তিনি দল ছেড়ে চলে যান। অধিনায়ক বিষয়টি ম্যাচ রেফারিকে জানান। এরপর ম্যাচ রেফারিও হোটেল পরিবর্তন করেন।
রাত ১১টা নাগাদ ক্রিকেটারদের জানানো হয়, বিসিসিআইয়ের অনুমোদন নিয়ে নতুন দল নথিভুক্ত হয়েছে। পরদিন সকালে পুরনো দলের খেলোয়াড়রা মাঠে পৌঁছলেও ড্রেসিংরুম বন্ধ দেখতে পান। পুলিশও ডাকা হয়। পরে জেমস সাংমা ক্ষমা চাওয়ার পর ড্রেসিংরুম খোলা হয়। শুধু সিনিয়র দল নয়, মেঘালয়ের অনূর্ধ্ব-২৩ দলেও একই সিদ্ধান্তের প্রভাব পড়ে। সিকিম থেকে সেই দলকেও ফিরিয়ে এনে নতুন দল পাঠানো হয়। বর্তমানে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। একটি জয় ও একটি হার রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাপেক্স কাউন্সিল।
