ওয়েব ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইশ গজে দাপট দেখিয়েছেন তিনি। বয়স ৪৪ ছুঁতেই কি এবার থামতে চলেছে সেই যাত্রা? ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের (James Anderson) অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে, ২০২৭ মরশুমের জন্য অ্যান্ডারসনকে নতুন চুক্তি দিতে রাজি হয়নি তাঁর শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার। ফলে পেশাদার ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অবসরের বিষয়ে অ্যান্ডারসন নিজে এখনও চূড়ান্ত ঘোষণা করেননি।
২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অ্যান্ডারসন (James Anderson)। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৫ মরশুমের দ্বিতীয়ার্ধে দলের অধিনায়কের দায়িত্বও সামলান। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও নেতৃত্ব দেন দলকে। বয়সের ভার যে তাঁর বোলিংয়ে খুব একটা প্রভাব ফেলেনি, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক পারফরম্যান্সে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৭.৬৮ গড়ে ৫০টি উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ পেসার।
আরও খবর : ২২৫ রান করেও শেষরক্ষা হল না! নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন নজির ভারতের
তবে মাঠের পারফরম্যান্স সত্ত্বেও দলগত সাফল্য পায়নি ল্যাঙ্কাশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে দ্বিতীয় শেষ দল হিসেবে মরশুম শেষ করে তারা। এরপরই ক্লাবের ক্রিকেট পরিচালনায় শুরু হয়েছে পুনর্গঠনের প্রক্রিয়া। নতুন প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের তত্ত্বাবধানে চলছে পর্যালোচনা। মার্ক চিলটনকে দায়িত্ব থেকে সরিয়ে পল ফারব্রেসকে ক্রিকেটের নতুন ডিরেক্টর করা হয়েছে। এই পরিস্থিতিতেই অ্যান্ডারসনকে নতুন চুক্তি দেওয়া হচ্ছে না বলে খবর। এ বিষয়ে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি ল্যাঙ্কাশায়ার।
উল্লেখ্য, ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০০৩ সালে লর্ডসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় ১৮৮টি টেস্টে তাঁর সংগ্রহ ছিল ৭০৪টি উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুতগতির বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যা ১১৯৩। এবার অন্য কোনও কাউন্টি দলের সঙ্গে চুক্তি করবেন, নাকি পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।
