৪৪ বছরেও থামছেন না জেমস অ্যান্ডারসন! ল্যাঙ্কাশায়ার অধ্যায় শেষ, এবার ইতালিতে নতুন ইনিংস

Must Read

ওয়েব ডেস্ক : বয়স ৪৪। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অধ্যায়ের পর এ বার কাউন্টি ক্রিকেটের পরিচিত ঠিকানাও ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু ক্রিকেটের মাঠ থেকে এখনই সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই জেমস অ্যান্ডারসনের (James Anderson)। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিয়ে ইতালির ক্রিকেটে পা রাখতে চলেছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসার। আসন্ন ইতালিয়া টি১০ লিগে নাপোলি নাইটসের (Napoli Knights) অধিনায়ক হওয়ার পাশাপাশি দলের সহ-মালিকের দায়িত্বও সামলাবেন তিনি।

দীর্ঘদিন ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা অ্যান্ডারসনের চুক্তি আগামী মরশুমের জন্য নবীকরণ করেনি কাউন্টি দলটি। ফলে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই ইতালির টি১০ প্রতিযোগিতায় নতুন দায়িত্বের কথা সামনে এসেছে। প্রাক্তন ল্যাঙ্কাশায়ার উইকেটকিপার লুক সাটনের সঙ্গে নাপোলি নাইটসের দায়িত্ব ভাগ করে নেবেন অ্যান্ডারসন।

আরও খবর :  ৩৮ বলে শতরান, আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় ফের শীর্ষে অভিষেক

আগামী ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রোমা ক্রিকেট গ্রাউন্ডে চলবে ইতালিয়া টি১০ লিগ। ছয় দলের এই প্রতিযোগিতায় অধিনায়ক হিসেবে মাঠে নামার পাশাপাশি দলের মালিকানার সঙ্গেও যুক্ত থাকবেন অ্যান্ডারসন।

নতুন দায়িত্ব নিয়ে শুধু প্রতিযোগিতায় সাফল্য অর্জনই নয়, ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যও রয়েছে অ্যান্ডারসনের। এই লিগের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া এবং খেলাটির পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। প্রতিযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হবে।অ্যান্ডারসনের সঙ্গে এই প্রতিযোগিতায় দেখা যেতে পারে ক্রিস গেইল, শন মার্শ এবং ডেভিড মালানের মতো পরিচিত ক্রিকেটারদের। ইতালির জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল অ্যান্ডারসন

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সফল পেসার অ্যান্ডারসন ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহ ৭০৪টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ বার ইতালির টি১০ লিগে নতুন ভূমিকায় তাঁর উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This