ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভারতের (India) বিরুদ্ধে ৬-১ গোলে বড় জয় পেয়েছে উরুগুয়ে (Uruguay)। কিন্তু এই বড় ব্যবধানের জয়েও ভারতীয় দলের পারফরম্যান্সকে হালকা করে দেখছেন না উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান (Diego Forlan)। বরং ম্যাচের একটা সময় ভারত আরও গোল করে ফেললে তাঁর দলের জন্য পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে যেত বলেই জানিয়েছেন তিনি।
বজ্রপাতের কারণে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পর নির্ধারিত সময়ের অনেক পরে শেষ হয় ম্যাচ। এরপর সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ফোরলান (Diego Forlan)। সেখানে তিনি বলেন,’আমরা জানতাম ভারত প্রেস করতে পারে। ওদের ভাল প্লেয়ার আছে। আমাদের ট্রানজিশন মন্থর ছিল। আমরা সেটা মেরামত করার চেষ্টা করেছি। শুরুতে ভারত সেটার অ্যাডভান্টেজ নিয়েছে।’ সঙ্গে বলেছেন, ‘ভারতের ট্রানজিশন ভাল। বল পেলেই গতি বাড়িয়ে আক্রমণ ওঠার চেষ্টা করছিল। বুঝেছিলাম ড্যামেজ করতে পারে। ভারত আরও গোল পেয়ে গেলে আমাদের জন্য সমস্যা হত। তাই শুরুর ভুলভ্রান্তি শুধরে আমরা দ্রুত ম্যাচে ফিরি।’
আরও খবর : আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশেষ করে ম্যাচ ১-১ হওয়ার পর ভারতের আক্রমণ নিয়ে সতর্ক হয়ে যায় উরুগুয়ে। ফোরলানের (Diego Forlan) মতে, বল পাওয়ার পর ভারত দ্রুত গতি বাড়িয়ে আক্রমণে উঠছিল। সেই জায়গায় আরও এক বা দু’টি গোল পেয়ে গেলে উরুগুয়ের জন্য পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে যেতে পারত।ভারতের এই আক্রমণাত্মক ফুটবলের মোকাবিলা করতে দ্রুত নিজেদের ভুলত্রুটি শুধরে নেয় উরুগুয়ে। ম্যাচের পরের অংশে নিজেদের ছন্দ ফিরে পায় দলটি। বিরতির পর একাধিক গোল করে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করে উরুগুয়ে।
ভারতের বিরুদ্ধে জয় উরুগুয়ের কোচ হিসেবে ফোরলানের দ্বিতীয় জয়। জাপানের কাছে হার দিয়ে কোচিং অধ্যায় শুরু হলেও পরে দক্ষিণ কোরিয়া এবং ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে তাঁর দল। নতুন দলকে আরও গুছিয়ে তুলতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। কলকাতায় উরুগুয়ে দলের আতিথেয়তারও প্রশংসা করেছেন ফোরলান।
