১৯ বলে ৪৫ রান করেও বাদ বৈভব! চতুর্থ টি-টোয়েন্টিতে ফিরলেন ঈশান, দলে বড় বদল ভারতের

Must Read

ওয়েব ডেস্ক : দুরন্ত ব্যাটিং করেও দলে জায়গা ধরে রাখতে পারলেন না ১৫ বছরের বিস্ময় বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশ থেকে বাদ পড়লেন তিনি। অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। পাশাপাশি অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকেও (Bhuvneshwar Kumar) বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন ময়ঙ্ক যাদব।

শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে টসের সময় ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের এই দুই পরিবর্তনের কথা জানান। ঈশান কিষাণের পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন বৈভব। কিন্তু তৃতীয় ম্যাচে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেও চতুর্থ ম্যাচে জায়গা হল না তরুণ ব্যাটারের।

আরও খবর :  মেসিকে পিছনে ফেলে সেরার স্বীকৃতি রোনাল্ডোর

প্রথম টি-টোয়েন্টিতে চোট পাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারেননি ঈশান। তবে চতুর্থ ম্যাচের আগে ফিট হয়ে অনুশীলনে ফিরেছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে প্রথম একাদশে ফেরানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তাঁর জায়গায় দলে এসেছেন ময়ঙ্ক যাদব। সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করে ফেলেছে শ্রেয়স আইয়ারের দল। চতুর্থ ম্যাচ জিতে ব্যবধান ৪-০ করার লক্ষ্যেই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। নিউজিল্যান্ডের দলেও একটি পরিবর্তন হয়েছে। কাইল জেমিসনের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন নাথান স্মিথ।

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব, প্রিন্স যাদব।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This