ওয়েব ডেস্ক : একের পর এক ম্যাচে দাপট দেখানোর পর চতুর্থ টি-টোয়েন্টিতে হারল ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের (Newzeland) কাছে ৮৭ রানে হারল টিম ইন্ডিয়া (Team India)। রান তাড়া করতে নেমে এই পরাজয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় বৃহত্তম হার। গ্লেন ফিলিপসের বিধ্বংসী শতরান এবং মাইকেল ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ভারত থামে ১৭২ রানে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম জয় পেল কিউয়িরা। সিরিজের ফল এখন ৩-১। বলে রাখা দরকার ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু গ্লেন ফিলিপস ক্রিজে জমে যাওয়ার পর পাল্টে যায় ম্যাচের ছবি। মাত্র ৪৯ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ১০টি ছয়। অন্য প্রান্তে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েলও। মাত্র ২৫ বলে ৬৫ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ফিলিপস ও ব্রেসওয়েল মাত্র ৪০ বলে ১১৫ রানের জুটি গড়েন। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ড পৌঁছে যায় ২৫৯/৭-এ। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোনও দলের এটাই সর্বোচ্চ রান।
আরও খবর : ১৯ বলে ৪৫ রান করেও বাদ বৈভব! চতুর্থ টি-টোয়েন্টিতে ফিরলেন ঈশান, দলে বড় বদল ভারতের
২৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। প্রথম ওভারেই সঞ্জু স্যামসন এবং চোট কাটিয়ে ফেরা ঈশান কিষানকে ফিরিয়ে দেন জেকব ডাফি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
অভিষেক শর্মা ২৭ এবং শ্রেয়স আইয়ার ২২ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। নীতিশ ধীর করেন ২৮ রান। তিলক বর্মা ৩৫ রান করে কিছুটা লড়াই চালান। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের সামনে ভারতের ব্যাটিং লাইনআপ বেশিক্ষণ টিকতে পারেনি। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল জেকব ডাফি। ২৩ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। মিচেল স্যান্টনারের ঝুলিতে যায় দুটি উইকেট। প্রথম তিনটি ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের দখলে নিয়েছিল ভারত। চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে সেই ব্যবধান ৩-১ করল নিউজিল্যান্ড। ফলে শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেল কিউয়ি শিবির।
তবে বড় পরাজয়ের মধ্যেও ব্যক্তিগত মাইলফলক গড়েছেন অর্শদীপ সিং। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করে প্রথম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েছেন তিনি।
