ওয়েব ডেস্ক : প্রথমবার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC U19 Women’s T20 World Cup 2027) ম্যাচ আয়োজন করতে চলেছে নেপাল (nepal)। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ২০২৭ সালের এই প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে হিমালয়ের এই দেশ। আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বকাপ। চারটি মাঠে হবে মোট ৪১টি ম্যাচ। আর টানা তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দল।
প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল হবে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের চট্টগ্রামে। ফাইনালও হবে একই মাঠে, ৬ ফেব্রুয়ারি। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কীর্তিপুর ও মুলপানিতে ম্যাচগুলি আয়োজন করা হবে।
আরও খবর : অ্যাজহারউদ্দিনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন টেম্বা বাভুমা
ভারত রয়েছে গ্রুপ এ-তে। একই গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ২২ জানুয়ারি কীর্তিপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ২০২৩ ও ২০২৫ সালের প্রথম দু’টি সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (India)। এবারও শিরোপা জিতে হ্যাটট্রিক করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। গ্রুপ সি-তে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ ডি-তে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আমেরিকা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্সের লড়াই। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের জন্য দল বেছে নেওয়া হবে।
২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। মুলপানিতে খেলবে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড এবং ইংল্যান্ড-আমেরিকা। পরের দিন চট্টগ্রামে নিউজিল্যান্ড-সামোয়া ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের পাশাপাশি কীর্তিপুরে হবে নেপাল-আয়ারল্যান্ড এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই।
বিশ্বকাপের সব ম্যাচই দিনের বেলায় হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে সকালের ম্যাচ, আর দুপুরের ম্যাচ শুরু হবে দেড়টায়। আইসিসির বক্তব্য, এই প্রতিযোগিতা তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে এবং ভবিষ্যতের তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
