ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলের কোচিংয়ের সময়টা ছিল অন্যতম কঠিন অধ্যায়। এমনই বিস্ফোরক দাবি করলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। তাঁর অভিযোগ, দলের মধ্যে বিভাজন তৈরি করে ভারতীয় ক্রিকেটারদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন প্রাক্তন কোচ চ্যাপেল (Greg Chappell)। একটি পডকাস্টে কথা বলতে গিয়ে সেই সময়কে ভারতীয় ক্রিকেটের অন্যতম অন্ধকার অধ্যায় বলেও উল্লেখ করেন হরভজন।
২০০৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২০০৫ সালের জুনে ভারতীয় দলের কোচের দায়িত্ব পান গ্রেগ চ্যাপেল। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের কোচ হওয়া ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের মতো তারকাদের সঙ্গে কাজ করবেন তিনি, এমনটাই আশা ছিল। কিন্তু চ্যাপেলের কোচিংয়ের সময় নানা বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত ২০০৭ সালের একদিনের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত।
আরও খবর : প্যারা এশিয়াডে ভারতের সাফল্য, তিরন্দাজিতে সোনা শীতল-তোমনের
প্রখর গুপ্তর পডকাস্টে হরভজন অভিযোগ করেন, চ্যাপেল দলের মধ্যে ‘ভাগ করে শাসন’ নীতি চালু করেছিলেন। তাঁর দাবি, ২০০৩ সালের বিশ্বকাপে যে ক্রিকেটাররা একসঙ্গে খেলেছিলেন এবং তাঁদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল, চ্যাপেলের সময় সেই সম্পর্কেও ফাটল ধরে। ক্রিকেটারদের মধ্যে কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল বলে দাবি করেন হরভজন। তাঁর মতে, কোচ নিয়োগের সিদ্ধান্তও ভারতীয় ক্রিকেট পরিচালকদের অন্যতম বড় ভুল ছিল।
হরভজনের আরও দাবি, সেই সময় অস্ট্রেলিয়াকে নিয়মিত চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ছিল ভারতের। তাই তাঁর সন্দেহ, দলের ঐক্য নষ্ট করার মাধ্যমে ভারতকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়ে থাকতে পারে।
