ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশ টি-২০ লিগের চতুর্থ মরসুম শেষের পথে। বৃহস্পতিবার কানপুরের গ্রিন পার্কে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মিরাট ম্যাভেরিকসের (Meerut Mavericks) বিরুদ্ধে খেলেছিল ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকনস (Lucknow Falcons)। ম্যাচে মিরাটকে ৪৭ রানে হারিয়ে লিগের শীর্ষে উঠে এল লখনউ।
প্রথমে ব্যাট করে ১৪৫ রান তুলেছিল লখনউ। জবাবে মিরাটের ইনিংস থেমে যায় ৯৮ রানে, ৮ উইকেট হারিয়ে। গ্রিন পার্কের ফাস্ট ও বাউন্সি পিচে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভুবনেশ্বর। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। তাঁর শিকার অক্ষয় দুবে, ঋতুরক শর্মা, দিব্যাংশ রাজপুত এবং দিব্যাংশ জোশী। ইকোনমি রেট ছিল মাত্র ২.৫০।
আরও খবর : বয়স নিয়ে বড় গরমিল, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাংলার স্পিনার রোহিত যাদবকে ২ বছরের নিষেধাজ্ঞা BCCI-এর
আইপিএল (IPL)-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে গত দুই মরসুমে সাফল্য পেয়েছেন ভুবনেশ্বর। চলতি বছরও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ২৮টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার রাজ্য লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করে ফের জাতীয় দলের তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েফের আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে অবশ্য ভুবনেশ্বরের মনে কোনও ক্ষোভ নেই। সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, পরিবারের কারণে তিনি মানসিকভাবে অনেক বেশি স্থির থাকতে পেরেছেন। বাড়িতে ভারতীয় দলে ফেরার সম্ভাবনা বা তাঁকে কেন বাদ দেওয়া হয়েছে? এসব নিয়ে কোনও আলোচনা হয় না বলেও জানিয়েছেন তিনি।
ভুবনেশ্বরের কথায়, ক্রিকেটারদের জীবনে প্রজন্ম বদল ও দল থেকে বাদ পড়া স্বাভাবিক ঘটনা। ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা ইতিমধ্যেই তাঁর রয়েছে। তাই নতুন করে জাতীয় দলে জায়গা পাওয়াকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে দেখছেন না তিনি। সুযোগ এলে অবশ্যই খুশি হবেন, কিন্তু এখন শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলে যেতে চান।
