ওয়েব ডেস্ক : রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপের পরিকল্পনা শুভেন্দু সরকারের (Suvendu Adhikari)। গত ২৫ বছরে রাজনৈতিক হিংসার বলি হওয়া ব্যক্তিদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইনি অনুমোদনও মিলেছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে নবান্ন।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় শুধু সাম্প্রতিক রাজনৈতিক হিংসার ঘটনাগুলিই নয়, গত আড়াই দশকের সমস্ত সংশ্লিষ্ট ঘটনাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তৃণমূল সরকারের ১৫ বছরের পাশাপাশি তার আগের বাম আমলের ১০ বছরের রাজনৈতিক হিংসার ঘটনাও বিবেচনায় আসবে। লোকসভা, বিধানসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার এই সুবিধার আওতায় আসতে পারে। নির্বাচন চলাকালীন হিংসার পাশাপাশি নির্বাচন পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকেও প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সূত্রের খবর, গোটা নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই সম্পন্ন করা হবে। এ বিষয়ে শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর কারণ এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছিল, তার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে হবে।
জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন জমা পড়বে। জেলাশাসকের দফতরে সমস্ত নথি ও তথ্য যাচাই করা হবে। পাশাপাশি পুলিশের রিপোর্টও খতিয়ে দেখা হবে। প্রশাসনিক তদন্ত এবং যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় নাম থাকা নিহতের পরিবারের একজন সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
