গঙ্গায় নামছে ‘ওয়াটার মেট্রো’? সবুজ সংকেত দিল নবান্ন

0
53

ওয়েব ডেস্ক: দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলেছে কলকাতায় (Kolkata)। ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) ইতিমধ্যেই গঙ্গার (Ganga) তলা দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী বহন করছে। এবার জলপথে গণপরিবহণকে আরও আধুনিক করতে গঙ্গাবক্ষে ‘ওয়াটার মেট্রো’ (Water Metro) চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, এ বিষয়ে প্রাথমিক সবুজ সংকেত মিলেছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় (Kolkata Municipality Corporation) একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে কোচি ওয়াটার মেট্রোর প্রতিনিধি দল এসে গোটা প্রকল্পের রূপরেখা নিয়ে প্রেজেন্টেশন দেবে।

আরও পড়ুন: কেস ডাইরি নিয়ে টানাপোড়েন, বেলডাঙা নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয় এখনই

সূত্রের দাবি, কোচির ধাঁচে অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হতে পারে। পরিবেশবান্ধব এই নৌযানগুলির মাধ্যমে দ্রুত ও স্বচ্ছন্দে গঙ্গাপার যাতায়াত সম্ভব হবে। শুধু ওয়াটার মেট্রো নয়, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল নামছে জলে। এছাড়া আরও ২২টি ভেসেল প্রস্তুত, যেগুলি শীঘ্রই পরিষেবায় যুক্ত হবে। বসানো হয়েছে স্মার্ট কার্ড গেটও। ফলে জলপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা স্পষ্ট।

কোচি ওয়াটার মেট্রো ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা, যা ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। শীতাতপ নিয়ন্ত্রিত, ব্যাটারি ও ডিজেল জেনারেটর (হাইব্রিড) প্রযুক্তিনির্ভর নৌযান সেখানে সফলভাবে চলছে। কলকাতাতেও তেমন আধুনিক পরিষেবা চালু হলে রাস্তায় যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে নবান্নের এক কর্তার কথায়, প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে। খরচ, গাইডলাইন ও প্রযুক্তিগত দিক—সবই আগামী সপ্তাহের বৈঠকের পর আরও স্পষ্ট হবে। অর্থ দফতরের প্রাথমিক ছাড়পত্র মিলেছে বলেই সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here