হাসপাতাল থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ! সাঁতরাগাছি ঘুরে ফিরলেন উত্তরপাড়ায়, বাড়ির পথ চিনতে পারলেন না

Must Read

ওয়েব ডেস্ক : হাসপাতাল থেকে বেরিয়ে নিজের বাড়ির পথ হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধ। সাঁতরাগাছি ঘুরে শেষ পর্যন্ত উত্তরপাড়াতেই ফিরে এসেছিলেন তিনি। কিন্তু কাছাকাছি পৌঁছেও চিনতে পারছিলেন না নিজের বাড়ি। শুক্রবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর শনিবার সন্ধ্যায় ভদ্রকালীর শিবতলা এলাকা থেকে উদ্ধার হলেন সন্তোষ দাস। শাশুড়ির ফোনেই বাবার খোঁজ পান ছেলে বরুণ দাস। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বাবাকে ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ দাসকে দশমীর দিন সকালে ডায়রিয়ার উপসর্গ নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে আচমকাই হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। পরে রোগী নিখোঁজ হওয়ার খবর পরিবারকে জানানো হয়। হাসপাতাল ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

বাবার খোঁজে শুক্রবার থেকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান বরুণ। হাওড়া স্টেশন, শেওড়াফুলি স্টেশন, উত্তরপাড়া ও হিন্দমোটর-সহ একাধিক এলাকায় খোঁজ করেন তিনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে সন্তোষ দাসকে বেরিয়ে যেতে দেখা যায়। ফুটেজে তাঁকে ডানলপের দিকে যেতে দেখা যাওয়ায় সেদিকেও খোঁজ চালান ছেলে। কিন্তু কোথাও বাবার সন্ধান মেলেনি।

আরও খবর :  দুর্গা নন, ১৮ হাতের মহালক্ষ্মী! মালদার আশ্রমে ২৬ বছর ধরে শক্তিরূপে পূজিত হন দেবী

অবশেষে শনিবার সন্ধ্যায় আসে স্বস্তির খবর। বরুণের শাশুড়ি সখের বাজার থেকে শিবতলার দিকে যাওয়ার পথে সন্তোষ দাসকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ফোন করে জামাইকে খবর দেন তিনি। এরপরই ভদ্রকালীর শিবতলা এলাকা থেকে বাবাকে ফিরে পান বরুণ।

কীভাবে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছিলেন সন্তোষ? বৃদ্ধের কথায়, হাসপাতালে ভালো লাগছিল না। বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছিল। তাই চা ও জল খেতে বেরিয়ে পড়েছিলেন তিনি। এরপর সাঁতরাগাছিতে ঘোরাঘুরি করেন। সেখান থেকে হেঁটে আবার উত্তরপাড়ায় ফিরে আসেন। কিন্তু বাড়ি কোথায়, তা আর বুঝে উঠতে পারেননি। রাতভর জল খেয়েই কাটিয়েছেন বলে জানান তিনি।

বাবাকে ফিরে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতার কথা স্বীকার করেছেন বরুণ। তবে একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন, ভবিষ্যতে যাতে কোনও রোগী এভাবে হাসপাতাল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে না যান, সেদিকে আরও নজর দেওয়া হোক।

Latest News

বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম, লিটারপ্রতি কত খরচ বাড়বে?

ওয়েব ডেস্ক : দুধ (Milk) কিনতে গিয়ে এবার বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। এক ধাক্কায় লিটারপ্রতি ২ থেকে ৪...

More Articles Like This