ওয়েব ডেস্ক : বদরীনাথ থেকে দেরাদুনে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে হেলিকপ্টার (Helicopter Crash)। শুক্রবার উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে ছাই গ্রাম সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। পাইলট-সহ মোট ছ’জন ছিলেন হেলিকপ্টারে। দুর্ঘটনার খবর পেয়েই শুরু হয়েছে উদ্ধারকাজ। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও উদ্ধার অভিযানে নামানো হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জোশীমঠের কাছে ছাই গ্রামের আশপাশে কপ্টার ভেঙে পড়ার খবর পাওয়ার পর যৌথ উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় থাকা ছ’জনই পুরুষ। তাঁদের মধ্যে রয়েছেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
আরও খবর : বৃষ্টিতে ভেস্তে গেল পরিকল্পনা, জ্ঞানেশ কুমারকে ঘিরে প্রতিবাদ পিছোল ইন্ডিয়া জোট
দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সমস্ত হেলিকপ্টার চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার প্রস্তুতিও চলছে। এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে উত্তরাখণ্ডে হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে। গত ১০ বছরে, অর্থাৎ ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে রাজ্যে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে পাঁচটি বড় দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। বাকি সাতটি ঘটনায় জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্যান্য কারণে বিপত্তি ঘটেছে।
গত বছর রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে নথিভুক্ত ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে সাতটিই ঘটেছে উত্তরাখণ্ডে। সারা দেশে ওই দুর্ঘটনাগুলিতে ৩০ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে উত্তরাখণ্ডেই প্রাণ হারান ২১ জন।
উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা ২০২২ সালের অক্টোবর মাসে। কেদারনাথে পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার পথে পাহাড়ে ভেঙে পড়ে একটি কপ্টার। মৃত্যু হয় বিমানে থাকা সাতজনের। ২০২৫ সালেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। ৮ মে উত্তরকাশীতে এবং ১৫ জুন কেদারনাথের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। মাত্র ৪৫ দিনের মধ্যে চারধাম যাত্রার পথে পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর সামনে এসেছিল।
বিশেষজ্ঞদের একাংশের মতে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবা নিরাপদ করতে আবহাওয়ার পূর্বাভাস আরও উন্নত করা, পাইলটদের উচ্চ পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ এবং প্রতিকূল আবহাওয়ায় উড়ানের উপর কড়া নিয়ন্ত্রণ জরুরি। প্রতি বছর পুণ্যার্থীর সংখ্যা বাড়তে থাকায় চারধাম যাত্রায় বিমান নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
