ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি আকাশ যেন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে! গত ১০ বছরে একের পর এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। শুক্রবার জোশীমঠের কাছে বদরীনাথ থেকে দেরাদুনগামী একটি কপ্টার ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট-সহ ছ’জনের। এই দুর্ঘটনার পরেই সামনে এসেছে উত্তরাখণ্ডে গত এক দশকের হেলিকপ্টার বিপর্যয়ের উদ্বেগজনক পরিসংখ্যান।
২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে উত্তরাখণ্ডে অন্তত ১৩টি হেলিকপ্টার দুর্ঘটনা বা বিপত্তির ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি বড় দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। বাকি ঘটনাগুলির মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ, বিপজ্জনক পরিস্থিতিতে কপ্টার নামানো এবং অন্যান্য দুর্ঘটনা। শুক্রবারের ছ’জনের মৃত্যু যুক্ত হওয়ায় গত এক দশকে রাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।
আরও খবর : বদরীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার! উত্তরাখণ্ডে পাইলট-সহ ৬ জনের খোঁজে উদ্ধারকাজ
গত বছর রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে সাতটিই ঘটেছে উত্তরাখণ্ডে। ওই দুর্ঘটনাগুলিতে সারা দেশে মোট ৩০ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে উত্তরাখণ্ডেই প্রাণ হারান ২১ জন। মহারাষ্ট্রে চারটি দুর্ঘটনায় সাতজন এবং ছত্তিশগড়ে একটি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। শুক্রবারের দুর্ঘটনার পর উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে।
উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার অন্যতম ভয়াবহ ঘটনা ২০২২ সালের অক্টোবর মাসে। কেদারনাথে পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার পথে পাহাড়ে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। মৃত্যু হয় বিমানে থাকা সাতজনের। ২০২৫ সালেও চারধাম যাত্রার পথে একের পর এক দুর্ঘটনা ঘটে। ৮ মে উত্তরকাশীতে এবং ১৫ জুন কেদারনাথের কাছে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। মাত্র ৪৫ দিনের মধ্যে যাত্রাপথে পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছিল।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবা নিরাপদ করতে আরও কঠোর নিয়ম, উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং উচ্চ পার্বত্য অঞ্চলে পাইলটদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। প্রতিকূল আবহাওয়ায় উড়ানের সংখ্যা নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হচ্ছে। প্রতি বছর চারধাম যাত্রায় পুণ্যার্থীর সংখ্যা বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে। শুক্রবারের দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের গোটা কপ্টারবহর বসিয়ে দেওয়া হয়েছে।
