ওয়েব ডেস্ক : মাত্র ৩৩ বছর বয়সেই প্রয়াত টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর (Anuj Thakur Passed away)। ঘুমের মধ্যে মৃগীরোগের খিঁচুনিতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত ২৭ অক্টোবর এই ঘটনা ঘটে। অনুজের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। ৩০ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে বন্ধুকে স্মরণ করেন তিনি।
‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানুঙ্গা ঘোড়ি চঢ়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন অনুজ। রূপেশের সঙ্গে তাঁর পরিচয় প্রায় ১৭ বছরের। ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকের হাত ধরে তাঁদের একসঙ্গে কাজের পথচলা শুরু। পরবর্তী সময়েও একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
আরও খবর : ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস দেশ আয়ারল্যান্ড, অতিথি তালিকায় অক্ষয়-সঞ্জয়
বন্ধুর প্রয়াণে শোকপ্রকাশ করে রূপেশ লিখেছেন, অনুজ তাঁর কাছে শুধু বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। একসঙ্গে অনেক কাজের পরিকল্পনা ছিল তাঁদের। অনুজের শুরুর দিনের লড়াই থেকে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার যাত্রাও কাছ থেকে দেখেছিলেন তিনি। এত তাড়াতাড়ি বন্ধুকে হারাতে হবে, তা বিশ্বাস করতে পারছেন না বলেও জানান রূপেশ।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রূপেশ জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেই অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। প্রথমে খবরটি শুনে তিনি বিশ্বাস করতে পারেননি। পরে শনিবার অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। সেখানেই পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়েই অনুজের মৃত্যু হয়েছে। রূপেশ আরও জানান, অনুজ প্রতিদিন ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে উঠে শরীরচর্চা ও জগিং করতেন। কিন্তু ঘটনার দিন অ্যালার্ম বাজার পরেও তিনি ঘুম থেকে না ওঠায় তাঁর মা ঘরে গিয়ে দেখেন, অনুজ আর বেঁচে নেই। মৃত্যুর আগে অভিনয়ে ফেরার পরিকল্পনাও করছিলেন তিনি।
