ওয়েব ডেস্ক : জোড়াফুল প্রতীকের (Trinamool Symbol) মালিকানা নিয়ে তৃণমূলের দুই শিবিরের সংঘাত আপাতত আরও দীর্ঘায়িত হল। শুক্রবার নির্বাচন কমিশনে দুই পক্ষের মুখোমুখি শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত। মমতা তৃণমূল এবং গণতান্ত্রিক তৃণমূল—দুই পক্ষকেই আপাতত শুনানি হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। এমনটাই সূত্রের খবর। ফলে জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে।
হাওড়া ও কলকাতা পুরসভা নির্বাচনের আগে প্রতীক সংক্রান্ত বিতর্ক মিটে যাবে বলে আশা করেছিল দুই শিবির। সেই লক্ষ্যেই শুক্রবার দুই শিবিরকে শুনানির জন্য ডেকেছিল নির্বাচন কমিশন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর গোটা প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, কমিশনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য মমতা তৃণমূলকে ২০ দিন এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
আরও খবর : প্রকাশ্যে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি! লখনউয়ে খুন হলেন তিন জন
মমতা তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত শুনানি হচ্ছে না। সমস্ত নথি জমা পড়ার পর নির্বাচন কমিশন ফের শুনানির দিনক্ষণ জানাবে।অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের বিধায়কদের একটি দল দিল্লি যাচ্ছে বলে সূত্রের খবর। কমিশনের কাছে প্রয়োজনীয় নথি জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানাতে পারেন তাঁরা। বর্তমান পরিস্থিতিতে হাওড়া ও কলকাতা পুরসভা নির্বাচনের আগে জোড়াফুল প্রতীক নিয়ে বিবাদের নিষ্পত্তি হওয়া কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
