সেবাশ্রয় শিবিরে ধরা পড়ে রোগ, অভিষেকের উদ্যোগে AIIMS-এ চিকিৎসায় সুস্থ দুই কিশোরী

0
29

কলকাতা: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) পর নন্দীগ্রামেও (Nandibagan) সেই শিবির থেকে উপকৃত হয়েছেন বহু মানুষ। হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত নন্দীগ্রামের দুই কিশোরীর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। বর্তমানে নয়াদিল্লির এইমস হাসপাতালে (New Delhi AIIMS) চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তারা।

সুপর্ণা জানা ও অর্পিতা দলুই নামে ওই দুই কিশোরী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিল। বহু চিকিৎসকের কাছে দেখিয়েও পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হচ্ছিল না। এর মধ্যেই নন্দীগ্রামে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে তাঁদের নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন।

আরও পড়ুন: রাজ্যে ৯৩০ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগ! ২৫ মার্চের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ

খবর পাওয়ার পরই উদ্যোগ নিয়ে ওই দুই কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন অভিষেক। হাসপাতাল যাওয়া থেকে শুরু করে পুরো চিকিৎসা প্রক্রিয়ার খরচও তিনি বহন করেছেন বলে জানা গিয়েছে।

নিজের এক্স (X) হ্যান্ডেলে এই খবর জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, নন্দীগ্রামের দুই কিশোরী সুস্থতার পথে এগোচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। সেবাশ্রয় শিবির চলাকালীন তাঁদের অসুস্থতার কথা জানা যায় এবং পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করেই দ্রুত দিল্লির এইমসে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি আরও লেখেন, কোনও শিশুর জীবন আর্থিক অসুবিধার কারণে সীমাবদ্ধ হয়ে থাকতে পারে না। সীমিত সামর্থ্যের মধ্যেই তাঁদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না থাকে, সেই চেষ্টা করা হয়েছে।

এইমস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে দুই কিশোরী। খুব শিগগিরই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁদের দ্রুত সুস্থ হয়ে নতুন উদ্যমে জীবনে ফিরে আসার শুভকামনা জানিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here