ওয়েব ডেস্ক : রাজ্যে পালাবদলের পর প্রথমবার নির্বাচনের মুখোমুখি টলিউডের (Tollywood) ফেডারেশন। স্বরূপ বিশ্বাসের বিদায়ের পর নতুন সভাপতি কে হবেন, তা ঘিরেই তৈরি হয়েছে আগ্রহ। শনিবার ও রবিবার দু’দিন ধরে চলছে ভোটগ্রহণ। তবে নির্বাচনের আবহে সামনে এসেছে আরও একটি বিষয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রভাব পড়েছে টলিপাড়াতেও। আগে ফেডারেশনের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় আট হাজার। এবার দু’দিন মিলিয়ে ভোট দিতে পারবেন মাত্র ৪১১০ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ভোটার সংখ্যা ২৪১০ এবং রবিবার ১৭০০। সূত্রের খবর, এসআইআরের কারণে প্রায় এক হাজার বা তারও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার ভোটার বৈধ ভোটারের স্বীকৃতি পাননি বলেও জানা যাচ্ছে। ৪০টি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ফেডারেশনের মোট ২৩টি গিল্ডের নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও খবর : দিলজিতকে খোলা চিঠি অভিজিৎ দীপকের, বললেন ‘ছোট ভাই ভেবে ভুলে যাও’
ইতিমধ্যেই সাতটি গিল্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে। এই তালিকায় রয়েছে ডিরেক্টরস, ডান্সার, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, লাইট অপারেটর্স, ড্রাইভার্স এবং মিউজিশিয়ানস গিল্ড। শনিবার ভোট হচ্ছে পাঁচটি গিল্ডে—মেকআপ আর্টিস্ট, সিনে ভিডিও কস্টিউম, ক্রাফ্ট ওয়ার্ক, সিনে রাইটার্স এবং সিনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডে।
রবিবার বাকি ১১টি গিল্ডে ভোটগ্রহণ হবে। সেগুলি হল সাউন্ড, ইলেকট্রিশিয়ান, হেয়ার ড্রেসার্স, স্টিল ফটোগ্রাফার, আর্ট ডিরেক্টর্স, ট্রলি সেটিং টেকনিশিয়ান, এডিটর্স, সিনেমাটোগ্রাফার, কার্পেন্টার্স অ্যান্ড সেটিংস, স্টান্ট এবং জুনিয়র আর্টিস্ট গিল্ড। টলিপাড়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই নির্বাচন আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
