ওয়েব ডেস্ক : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন খারিজ হবে না, সেই প্রশ্নের জবাব দিতে ফের সময় চাইলেন তাঁরা। লোকসভার স্পিকার ওম বিড়লা ৮ অক্টোবরের মধ্যে তাঁদের অবস্থান জানাতে বলেছিলেন। কিন্তু সময়সীমার শেষ দিনেও জবাব না দিয়ে আরও দু’সপ্তাহ সময় চেয়ে স্পিকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই সাংসদরা।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পরে সব বদলে যায়। ঘাসফুলের ২০ সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেন। কিন্তু এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁরা ২০ জন স্বীকৃতি পাননি। তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের দাবি, তাঁদের রাজনৈতিক সংযুক্তি বৈধ। তাঁদের ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য নয়। এর আগে একাধিকবার সময় চেয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, অভিষেকের আবেদনের ভিত্তিতে যে প্রশ্নগুলি করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে আরও সময় লাগছে।
আরও খবর : পুলিশকর্মীদের নিগ্রহ! রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের
এই মামলাকে ঘিরে আইনি চাপও রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত মাসে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন সাংসদকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে লোকসভার স্পিকারের কাছেও জানতে চাওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজের আবেদনের প্রক্রিয়া কতদূর এগিয়েছে। মামলাটির দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।
এই পরিস্থিতিতে স্পিকার ফের সময় দেন কি না, এখন সেদিকেই নজর। এর মধ্যেই বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসছেন এনসিপিআইয়ের ২০ সাংসদ। সাংসদ পদ খারিজের দাবি, আইনি পরিস্থিতি এবং আগামী দিনে কী কৌশল নেওয়া হবে, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা বলে সূত্রের খবর।
