সলমনকে ‘ইন্ডাস্ট্রির একমাত্র বাঘ’ বলেছিলেন টাইগার, সেই কারণেই কি হামলা? তদন্তে নয়া তথ্য

Must Read

ওয়েব ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফকে (Tiger Shroff) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এল। তদন্তকারীদের কাছে এক অভিযুক্ত দাবি করেছে, সলমন খানের প্রশংসা করার কারণেই টাইগারকে নিশানা করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। যদিও এই দাবির সত্যতা এখনও তদন্তের বিষয়।

তদন্তকারী সূত্রের খবর, ২০২২ সালে একটি ছবির প্রচার অনুষ্ঠানে সলমন খানকে (Salman Khan) ‘চলচ্চিত্র জগতের একমাত্র বাঘ’ বলে প্রশংসা করেছিলেন টাইগার শ্রফ। সেই মন্তব্যই হামলার অন্যতম কারণ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে এক অভিযুক্ত।

গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে ফুটবল খেলে বেরোনোর সময় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। অভিযোগ, গাড়িতে সাত রাউন্ড গুলি চালানোর পর তারা এক সহযোগীর সঙ্গে বাইকে চেপে পালিয়ে যায়। ঘটনায় অভিনেতার গাড়িচালক এবং এক পথচারী আহত হন। পরে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য হামলার দায় স্বীকার করে বলে জানা যায়।

আরও খবর :  মুম্বইয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের সন্দেহে গ্রেফতার যুবক, তদন্তে এটিএস

পরের দিন রাজস্থানের কোটা স্টেশনে পুণে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেস থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, হামলার পর অভিযুক্তরা মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। যোগাযোগের জন্য মূলত ইন্টারনেটভিত্তিক কল ব্যবহার করা হয়েছিল। তবে একটি সাধারণ ফোনকল তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলার পর অভিযুক্তরা মুম্বইয়ের আন্ধেরি থেকে লোকাল ট্রেনে বোরিভলি যায়। সেখান থেকে একটি বেসরকারি গাড়িতে সুরাটে পৌঁছয়। গাড়িচালককে করা ফোনকলের সূত্র ধরে পুলিশ তাদের যাত্রাপথ খতিয়ে দেখে। পরে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ ও সংরক্ষিত আসনের তালিকা পরীক্ষা করে রাজস্থানের কোটায় তাদের অবস্থান চিহ্নিত করা হয়।

এই ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে তদন্ত সূত্রে খবর। সুরাট থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দশটি কার্তুজ উদ্ধারের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযুক্তরা তদন্তের অগ্রগতি সম্পর্কে সমাজমাধ্যমে খবর পাচ্ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

টাইগার শ্রফের বয়ান এখনও রেকর্ড করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিনেতা হামলার ঘটনায় বিস্মিত এবং কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই বলে জানিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং সলমন খানের প্রশংসার মন্তব্যের সঙ্গে ঘটনার আদৌ কোনও যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This