ভোটের আগে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’! মুখ্যমন্ত্রীর সংগ্রাম নিয়ে ২৫ মিনিটের ডকু-ফিচার

Must Read

কলকাতা: ভোটের আবহে বাংলার রাজনীতিতে নতুন সংযোজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে ২৫ মিনিটের ডকু-ফিচার ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ (The Untold Story of Banerjee)। আজ বিকেল চারটেয় কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হবে তথ্যচিত্রটির টিজার। আরকে এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক, কনসেপ্ট ও চিত্রনাট্যকার জুনেইদ খান। পরিচালনায় রয়েছেন রাহুল সাহা। বর্তমানে ছবির শুটিং চললেও রমজানের কারণে সাময়িক বিরতি রয়েছে।

নির্মাতাদের দাবি, ভোটের আগে বিরোধীদের ‘অপপ্রচার’-এর জবাব দিতেই এই উদ্যোগ। ছবিতে ১৯৯৩ সালের আন্দোলন থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পথচলার নানা দিক তুলে ধরা হয়েছে। অনশন, আন্দোলন, রাস্তার লড়াই একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় স্থান পেয়েছে তথ্যচিত্রে। পাশাপাশি যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান এবং দলের হয়ে তাঁর ভূমিকার কথাও দেখানো হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানিয়েও দিল কমিশন

জুনেইদ খানের কথায়, “অনেকেই জানেন না, আন্দোলনের শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আন্দোলনে যুক্ত ছিলেন।” ছবিতে অভিষেকের প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করছেন জুনেইদ নিজেই। অন্যান্য শিল্পীদের অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। নদিয়ার পলাশিপাড়া-সহ একাধিক জায়গায় হয়েছে শুটিং।

উল্লেখ্য, এর আগেও তৃণমূল কংগ্রেসের সমর্থনে গান প্রকাশ করেছেন জুনেইদ ‘জয় বাংলা’ এবং ‘আসছে বস’ তার মধ্যে উল্লেখযোগ্য। তাঁর দাবি, এই ডকু-ফিচার নির্মাণ ব্যক্তিগত আবেগ ও রাজনৈতিক বিশ্বাস থেকেই। তিনি জানিয়েছেন, ছবিটি তৈরির জন্য ব্যক্তিগত সম্পত্তিও বিক্রি করেছেন।

নির্মাতার বক্তব্য, এই তথ্যচিত্রের লক্ষ্য মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভোটের আগে এই ডকু-ফিচার ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This