মা তারার গর্ভগৃহে ঢুকেই আর করা যাবে না এই কাজ! কালীপুজোর আগে তারাপীঠে একগুচ্ছ নিষেধাজ্ঞা

Must Read

কলকাতা: কালীপুজোর আগে তারাপীঠে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ নতুন বিধিনিষেধ জারি করল মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে মা তারার গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ স্পর্শ করা কিংবা দেবীর গলায় সরাসরি মালা পরানোর অনুমতি পাবেন না সাধারণ ভক্তরা। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা এবং মদ নিবেদনও নিষিদ্ধ করা হয়েছে। পুজো ও দর্শনের ক্ষেত্রে এই নতুন নিয়ম ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ভক্তমহলে।

মন্দির সংস্কারের কাজ শেষ হওয়ার পর প্রায় দেড় মাস বাদে সম্প্রতি ফের গর্ভগৃহে অধিষ্ঠিত হয়েছেন মা তারা। এরপরই পুজো ও দর্শনের ক্ষেত্রে নতুন নির্দেশিকা কার্যকর করার সিদ্ধান্ত নেয় নবগঠিত মন্দির কমিটি। মন্দিরের পবিত্রতা বজায় রাখা এবং ধর্মীয় পরিবেশে শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ পুণ্যার্থীরা আর দেবীর বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। সরাসরি মালা পরানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। পাশাপাশি মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা এবং মদ নিবেদন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন নিয়েও জারি হয়েছে কড়াকড়ি। মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ এবং গর্ভগৃহের ভিতরে দেবীর ছবি তোলার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরের নিজস্ব নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং পবিত্র ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত। প্রত্যেক ভক্ত ও দর্শনার্থীকে নতুন নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, কৌশিকী অমাবস্যায় বিপুল ভক্তসমাগমের পর তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছিল। প্রায় এক মাস দশ দিন ধরে চলে সেই কাজ। সংস্কারের সময় মূল গর্ভগৃহের পরিবর্তে নাটমন্দির থেকে মা তারার দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। কাজ শেষ হওয়ার পর বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ফের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় দেবীকে।

সামনেই কালীপুজো। ফলে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা মন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

 

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This