ওয়েব ডেস্ক : স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করতে গিয়ে সামনে এল বিপুল সংখ্যক নামের অসঙ্গতি। প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের খোঁজ করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে অনেকেরই সন্ধান পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। নবান্নের শীর্ষ আধিকারিকদের আশঙ্কা, এই ধরনের ভুয়ো উপভোক্তাদের জন্য সরকারি কোষাগার থেকে বিপুল অর্থ খরচ হয়ে থাকতে পারে। সম্ভাব্য আর্থিক অপচয়ের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।
রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিমা যোজনার অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজের অংশ হিসেবেই পুরনো উপভোক্তাদের পরিচয় ও ঠিকানা ধরে তথ্য যাচাই করা হচ্ছে। আর এই যাচাইয়ের সময়ই একের পর এক অসঙ্গতি সামনে আসছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও খবর : সাউথ সিটির ২৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! বিদ্যুৎ বিচ্ছিন্ন, সিঁড়ি দিয়ে নামানো হল বাসিন্দাদের
বাড়িতে গিয়ে যাচাই, মিলছে না উপভোক্তাদের
প্রশাসনিক সূত্রের দাবি, উপভোক্তাদের দেওয়া ঠিকানায় গিয়ে খোঁজখবর চালানোর সময় দেখা যাচ্ছে, অনেকের নামে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির কোনও অস্তিত্ব মিলছে না। অর্থাৎ সরকারি নথিতে নাম থাকলেও বাস্তবে তাঁদের শনাক্ত করা যাচ্ছে না। এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষেরও বেশি এমন উপভোক্তার সন্ধান মিলেছে বলে খবর।
২৫ হাজার কোটি টাকা অপচয়ের আশঙ্কা
এই বিপুল সংখ্যক নামের অসঙ্গতি ঘিরে আর্থিক হিসাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। নবান্নের শীর্ষকর্তাদের একাংশের আশঙ্কা, ভুয়ো উপভোক্তাদের পরিষেবা দেওয়ার নামে সরকারি অর্থের অপচয় হয়ে থাকতে পারে। সম্ভাব্য ক্ষতির অঙ্ক ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
