ওয়েব ডেস্ক : স্কুলের মাঠে ফুটবল টুর্নামেন্টের অনুমতি দেওয়া হয়নি। অথচ কালীপুজো উপলক্ষে সেখানে সহস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এই বিতর্ক ঘিরেই কলকাতা হাইকোর্টে মামলা। শুনানিতে স্বামী বিবেকানন্দের বক্তব্য তুলে ধরলেন বিচারপতি অর্জুনরায় মুখার্জি।
বিচারপতির মন্তব্য, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বাসুদেবপুর হাই স্কুলের মাঠকে ঘিরে এই মামলা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুনরায় মুখার্জির ডিভিশন বেঞ্চ মাঠ ব্যবহারের বিষয়ে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ওই মাঠ শিক্ষা ও খেলাধুলা ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে হলেও উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আবেদনকারীর মূল মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে।
আরও খবর : পঞ্চায়েত দফতরে ৭১৯০ নিয়োগের ঘোষণা, নিউটাউনে তৈরি হবে নতুন দফতর
মামলাকারীদের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আদালতে জানান, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাকাডেমি ওই স্কুলের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না। অথচ কালীপুজো এবং সহস্র কণ্ঠে গীতাপাঠের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন টিচার-ইন-চার্জ।
আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা ও খেলাধুলার বাইরে অন্য কাজে ব্যবহার করা যায় না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টে আগেও একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রায় দিয়েছিলেন বলে আদালতে জানান আবেদনকারীর আইনজীবী।
অন্যদিকে, রাজ্যের আইনজীবী জানান, একই বিষয় নিয়ে একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যেই বিচারাধীন। তাই নতুন করে এই আবেদন গ্রহণযোগ্য নয়। সেই যুক্তিতেই একক বেঞ্চ আবেদন খারিজ করেছিল বলে আদালতে জানায় রাজ্য।
