ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরের (Rejinagar) উপনির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এই ফলকে রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ ও সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছেন তিনি।
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, রেজিনগরে সংখ্যালঘু ভোটারদের একাংশ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাঁরা সরকারের সঙ্গে থাকতে চান বলেই বিজেপিকে সমর্থন করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। বন্ধুত্ব দিবস পালনের আহ্বানেও মানুষ সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও খবর : নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি! বড় ব্যবধানে জয় বিজেপি প্রার্থীর
নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্কও এ দিন উঠে আসে। শুভেন্দু বলেন, প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। তাঁর দাবি, এর জন্য নির্বাচন কমিশন বা বিজেপি দায়ী নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানই এর জন্য দায়ী। পাশাপাশি প্রায় ৭ লক্ষ মৃত বা স্থানান্তরিত ভোটারকে নিয়ে কোনও অভিযোগ উঠছে না বলেও মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মমতাকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু আরও দাবি করেন, নির্বাচনের আগে সংখ্যালঘুদের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা হয়েছিল। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা এবং ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো প্রচার করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, মানুষ সেই প্রচারে প্রভাবিত হননি। অন্য দিকে, রেজিনগরের প্রচার ঘিরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নিয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি কল্যাণের সমালোচনা করেন।
