ওয়েব ডেস্ক : গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হলে ব্যাঙ্কের দায়িত্ব কোথায় শেষ হয়? এই প্রশ্নে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digtal Arrest) বা সাইবার প্রতারণার ঘটনায় ব্যাঙ্কের যথাযথ যাচাই-বাছাই ও নজরদারিতে ঘাটতি প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত গ্রাহককে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, প্রতারণার জেরে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ অর্থ খোয়া গিয়েছে, ক্ষতিপূরণের অঙ্ক তার চেয়ে কম হতে পারবে না। অর্থাৎ, ব্যাঙ্কের গাফিলতির সঙ্গে প্রতারণার যোগ প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্থিক ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে।
শুধু ক্ষতিপূরণ নয়, প্রতারণা ঘটার আগেই তা আটকানোর উপরও জোর দিয়েছে আদালত। কোনও গ্রাহকের স্বাভাবিক লেনদেনের সঙ্গে হঠাৎ বড় অঙ্কের লেনদেনের অমিল দেখা গেলে তা খতিয়ে দেখা এবং সন্দেহজনক অর্থ স্থানান্তর আটকে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। গ্রাহকের টাকা সুরক্ষিত রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলির আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত।
আরও খবর : আই-প্যাক অফিস থেকে নথি নিয়ে গিয়েছিলেন মমতা, সেই মামলায় রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে
ডিজিটাল অ্যারেস্ট নিয়ে লাগাতার প্রচার ও সচেতনতা সত্ত্বেও এই ধরনের প্রতারণা চলতে থাকায় হতাশা প্রকাশ করেছে বেঞ্চ। শুনানিতে প্রতারকদের ফোনে গ্রেফতারের ভয় দেখানোর কৌশল নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্যে উঠে আসে, মোবাইল ফোনে কেউ গ্রেফতারের কথা বললেই তা বিশ্বাস করে নেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
সাইবার প্রতারণা ঠেকাতে ব্যাঙ্কের গ্রাহক-পরিচিতি যাচাই বা কেওয়াইসি বিধি আরও কঠোর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর আগে এই সংক্রান্ত নিয়ম সংশোধনের জন্য রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রিজার্ভ ব্যাঙ্ক নতুন সংশোধনী নির্দেশিকা জারির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর তা প্রকাশ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। নতুন নির্দেশিকায় কী কী ব্যবস্থা রাখা হচ্ছে, তা খতিয়ে দেখবে শীর্ষ আদালত।
