আই-প্যাক অফিস থেকে নথি নিয়ে গিয়েছিলেন মমতা, সেই মামলায় রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : আই-প্যাকের (I-PAC) দফতরে ইডির তল্লাশির সময় নথি নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে মামলায় আপাতত কোনও সিদ্ধান্ত জানাল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শুনানি শেষ হওয়ার পর রায় স্থগিত রেখেছে বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কয়েক জন পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত ৮ জানুয়ারি কয়লা পাচার ও আর্থিক নয়ছয়ের মামলার তদন্তে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার অভিযোগ তোলে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে, মমতার বক্তব্য ছিল, ওই নথি ও তথ্যের সঙ্গে তৃণমূলের গোপন রাজনৈতিক এবং নির্বাচনী পরিকল্পনার সম্পর্ক রয়েছে।

আরও খবর :  চার রাজ্যের বিধান পরিষদ ভোটে কে কটা আসন পেল?

এই ঘটনাকে কেন্দ্র করে ইডি ও তৃণমূল পৃথকভাবে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। পরে গোটা ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ইডি। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, তল্লাশির সময় তদন্তকারীদের কাজে বাধা দেওয়া হয়েছিল। তৃণমূলের পাল্টা অভিযোগ, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

মামলার শুনানিতে তদন্তের দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়ার সম্ভাবনাও উঠে আসে। গত আগস্টে শুনানির সময় ইডির আইনজীবী সূর্যপ্রকাশ ভি রাজু রাজ্য পুলিশের উপর আস্থার অভাবের কথা জানিয়েছিলেন। অন্যদিকে, মমতার পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী যুক্তি দিয়েছিলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার বদলেছে। তাই সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে, কে তদন্ত করবে।” তবে সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রাখল শীর্ষ আদালত।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This