ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগল তেল রপ্তানি কেন্দ্র ও একটি তেল ডিপোয়। হামলায় এক জনের মৃত্যু হয়েছে, আহত পাঁচ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রবিবার দেশের ১৫টি অঞ্চলে, ক্রিমিয়া উপদ্বীপ ও কৃষ্ণসাগরের আকাশে মোট ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন (Drone) ধ্বংস করেছে তাদের বাহিনী। মস্কোর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলভ জানিয়েছেন, হামলার জেরে সেন্ট পিটার্সবার্গের পিটার্সবার্গ অয়েল টার্মিনাল এবং রুচি তেল ডিপোয় আগুন লাগে। রুশ খুচরো বিক্রেতা সংস্থা ওজনের একটি সরবরাহকেন্দ্র এবং প্রযুক্তি সংস্থা ভিকে-র তথ্যকেন্দ্রেও হামলা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দু’টি। ইউক্রেনের হামলার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে কিয়েভ। তবে বর্তমান পরিস্থিতির গতিপথ বদলানোর ক্ষমতা ইউক্রেনের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের (Ukraine) দক্ষিণের শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার দুই দফা হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন, তাঁদের মধ্যে রয়েছে ছ’বছরের এক শিশু। স্থানীয় প্রশাসনের দাবি, হামলায় দু’টি আবাসন, ১৮টি গাড়ি এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও খবর : ভারতে দ্রুতগতির ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিঙ্ক, রিলায়েন্সের বার্তার পর কী জানাল মাস্কের সংস্থা?
জ্বালানি পরিকাঠামো ঘিরে সংঘাত অব্যাহত
গত ১১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধের সমঝোতার কথা ঘোষণা করেছিলেন। তবে সেই সমঝোতার বিস্তারিত জানাননি তিনি। কিয়েভের অভিযোগ, ঘোষণার পরেও রাশিয়া ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। তিন দিনের বিরতির পর ইউক্রেনও রুশ তেল পরিকাঠামোয় হামলা শুরু করেছে বলে জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, জ্বালানি ক্ষেত্রে হামলা বন্ধের ঘোষণার পরের এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের জ্বালানি, তেল ও গ্যাস খাতে ৭৬ বার আঘাত হেনেছে। তাঁর আরও অভিযোগ, গত রাতেই চারটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে এবং বহু পরিবার এখনও বিদ্যুৎহীন। রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয় তৈরি করা বলেও দাবি তাঁর।
জেলেনস্কি বলেছেন, নিষেধাজ্ঞা শিথিল করা বা সমঝোতার কোনও ইঙ্গিতকে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। তাঁর মতে, শান্তির জন্য মস্কোর উপর চাপ বাড়ানো প্রয়োজন।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারির বিষয়ে নিজের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার নিষেধাজ্ঞা সংক্রান্ত পরিকল্পিত পদক্ষেপে ছাড় দেওয়ার নির্দেশে সই করার পর শনিবার তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
