ওয়েব ডেস্ক : কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকের আগে লাদাখ নিয়ে কড়া বার্তা দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর দাবি, লাদাখের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কেন্দ্র যদি বাস্তবসম্মত অগ্রগতি না দেখায়, তাহলে বৃহৎ আন্দোলনের পথে যেতে বাধ্য হবে লেহ অ্যাপেক্স বডি বা LAB।
আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। এই আলোচনার আগে ওয়াংচুক (Sonam Wangchuk) স্পষ্ট করে দিয়েছেন, শুধু আলোচনা নয়, এবার দাবিগুলি নিয়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
আরও খবর : বিষাক্ত মদ খেয়ে মৃত্যু! মধ্যপ্রদেশে প্রাণ গেল ৯ জনের
লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষা-সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব লেহ অ্যাপেক্স বডি। এর মধ্যে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিও রয়েছে। ওয়াংচুকের বক্তব্য, আসন্ন বৈঠকের পরও যদি দাবিগুলির ক্ষেত্রে কোনও ‘কংক্রিট অগ্রগতি’ না হয়, তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়তে পারে।
এদিকে বৈঠকের আগে লেহ অ্যাপেক্স বডি তাদের নির্ধারিত কয়েকটি প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে পিছিয়ে দিয়েছে। তবে সংগঠনের তরফে জানানো হয়েছে, আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হলে ফের আন্দোলনের পথে যাওয়ার প্রস্তুতি রয়েছে। ফলে ৯ সেপ্টেম্বরের বৈঠকের ফলাফল এখন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
