ওয়েব ডেস্ক: বক্তৃতা দিতে গিয়ে বাধা পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্ধ্রপ্রদেশের মাদানেপাল্লেতে এক সভায় তাঁর বক্তৃতার সময় দর্শকদের একাংশ থেকে প্রবল চিৎকার চেঁচামেচি হল। এ নিয়ে রীতিমতো রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের দাবি, কর্মসংস্থানের অভাবে ক্ষিপ্ত মানুষ, এ তারই প্রদর্শন। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে বললেন, ওটা কিছু মানুষের উদ্দীপনা ছাড়া আর কিছুই নয়।
মাদানপাল্লের ২ অক্টোবরের অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সীতারামন কৃষির প্রোজেক্ট নিয়ে কথা বলছেন, কিন্তু সে সময় ভীষণ গোলমাল শুরু হয়। অর্থমন্ত্রী তা থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী নাইডু তখন হস্তক্ষেও করেন। তিনি সভাস্থল শান্ত করার পর সীতারামন তাঁর বক্তব্য শেষ করতে সক্ষম হন।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ রাজ্যসভা নির্বাচনে আট জয়ী সাংসদকে ছাঁটাই বিজেপির!
ভিডিওটি যাঁরা শেয়ার করেছেন তাঁদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে, শ্রোতাদের মধ্যে থাকা চাকরি প্রত্যাশীরাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ ভিডিও ক্লিপটি শেয়ার করে এই ঘটনাকে ‘জনগণের ক্ষোভের’ বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
চন্দ্রবাবু নাইডু, সীতারামন, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী ও টিডিপি নেতা নারা লোকেশ এবং বিজেপি নেতারা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, মঞ্চে উপস্থিত নেতাদের নিয়ে জনতা অত্যন্ত উচ্ছ্বসিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নাইডু হস্তক্ষেপ করেছিলেন। তবে ওই ক্লিপ দেখে একেবারেই পরিষ্কার নয়, কেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যেটুকু শোনা যাচ্ছে তা হল, সীতারামন দর্শকদের তাঁর কথা শোনার জন্য অনুরোধ করছেন। তিনি বলেছেন, “দয়া করে এক মিনিটের জন্য আমার কথা শুনুন।”
