ওয়েব ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাষ্ট্রনেতাদের তালিকায় থাকা সিঙ্গাপুরের (Singapore) প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের (Lawrence Wong) বেতন আরও বাড়তে চলেছে। মঙ্গলবার সংসদে বেতন কাঠামোয় পরিবর্তনের কথা জানান তিনি। নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেঞ্চমার্ক বেতন ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার হবে (ভারতীয় মুদ্রায় ২৭ কোটি টাকা)।
অর্থাৎ প্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বেতন ৬০ শতাংশেরও বেশি বাড়ছে। শুধু প্রধানমন্ত্রী নন, সিঙ্গাপুরের (Singapore) উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। উপপ্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বেতন ১.৮৭ মিলিয়ন থেকে বেড়ে ৩.০৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার হবে। মন্ত্রীদের ক্ষেত্রে দায়িত্ব, পদমর্যাদা এবং কাজের পরিধি অনুযায়ী নতুন বেতন ১.৮০ মিলিয়ন থেকে ২.৮৮ মিলিয়ন সিঙ্গাপুর ডলারের মধ্যে থাকবে। তবে বর্তমান পদাধিকারীরা সঙ্গে সঙ্গে পুরো নতুন বেঞ্চমার্কে পৌঁছবেন না। ১৫ অক্টোবর থেকে তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন সমন্বয় করা হবে।
আরও খবর : ফের কেঁপে উঠল নেপাল, ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। প্রায় ১৫ বছর পর এবার এই বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনা হচ্ছে। সরকারের যুক্তি, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে এবং দেশের প্রশাসনে দক্ষ নেতৃত্ব ধরে রাখতে উপযুক্ত পারিশ্রমিক প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের বাড়তি অর্থ নিজের জন্য রাখবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ওয়ং (Lawrence Wong)। তাঁর বক্তব্য অনুযায়ী, বেতন বৃদ্ধির ফলে যে অতিরিক্ত অর্থ তিনি পাবেন, তা নিজের মেয়াদে উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করবেন।
ওয়ং আরও বলেন, রাজনৈতিক নেতাদের বেতন অত্যন্ত সংবেদনশীল বিষয়। তবে তাঁর মতে, একটি দেশের সুশাসনের জন্য দক্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
