ওয়েব ডেস্ক : শান্তিপুরের (Shantipur) বামা কালীর নাচ দেখতে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য মানুষ। তবে এবার ভিড় সামলাতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পরিবর্তন করা হল নাচের স্থান। দুর্গাপুজোর আগেই পুজো কমিটির সঙ্গে বিধায়কের উপস্থিতিতে প্রশাসনের বিশেষ আলোচনা হয়। সেখানেই নাচের জায়গা বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছর পর্যন্ত শান্তিপুরের বড়বাজার ঘাট চৌরাস্তার মোড়ে নাচানো হত বামা কালীকে। ভিড়ের কারণে গত বছরও অল্প সময়ের জন্য নাচের আয়োজন করা হয়েছিল। এবার প্রশাসনিক ব্যবস্থা মেনে বড়বাজার চৌরাস্তা থেকে প্রায় ৫০০ মিটার দূরে বেজপাড়ার মাঠে নাচানো হবে বামা কালীকে। প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির ও মাঠ পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।
আরও খবর : আলিপুরদুয়ারে ফের হাতির হানা! ধানখেত থেকে হাতি তাড়াতে গিয়ে মৃত এক
উদ্যোক্তারা জানান, ১৯৬৯ সালে প্রথম বামা কালীর ঘটপুজো শুরু হয়। ১৯৭০ সাল থেকে শুরু হয় প্রতিমাপুজো। প্রথমে এই কালী যমুনা কালী নামে পরিচিত ছিলেন। যমুনা চৌধুরী স্বপ্নাদেশ পাওয়ার পর পুজোর প্রচলন শুরু করেন বলে জানা যায়। পরবর্তীতে দেবী বামা কালী নামে পরিচিত হন।
এবার নাচ দেখতে মানতে হবে বিশেষ প্রশাসনিক নিয়মকানুন। বামা কালীর নাচের জায়গা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে। যাঁরা মাকে নাচাবেন, তাঁদেরই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সাধারণ মানুষের জন্য থাকবে আলাদা ব্যারিকেড। সেখান থেকেই সকলকে নাচ দেখতে হবে।
কোনও দুর্ঘটনা এড়াতে একাধিক পুলিশ আধিকারিক ও স্থানীয় পুজো কমিটির সদস্যরা গোটা এলাকা ঘিরে রাখবেন। থাকবে মেডিক্যাল টিম। গাড়ি ও বাইক পার্কিংয়ের জন্যও আলাদা জায়গার ব্যবস্থা করা হবে। সমস্ত বাংলাবাসীকে মায়ের নাচ ও পুজো দেখতে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।
