ওয়েব ডেস্ক : সম্পত্তির পরিমাণ কমলেও ভারতের ধনীতম অভিনেতার তকমা ধরে রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ (Hurun India Rich List 2026) অনুযায়ী, শাহরুখ খানের আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের তালিকায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদের আনুমানিক মূল্য কমেছে ২ হাজার ৪৯০ কোটি টাকা।
শাহরুখ খানের (Shah Rukh Khan) সম্পত্তির উৎস শুধুমাত্র অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক নয়। তাঁর ব্যবসায়িক সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত নাইট রাইডার্স স্পোর্টসের মতো ব্যবসায়িক স্বার্থও সম্পত্তির হিসাবের অন্তর্ভুক্ত। তবে বেসরকারি সংস্থা, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্যায়নের উপর নির্ভর করে এই পরিসংখ্যান পরিবর্তিত হতে পারে। চলতি বছরের গোড়ায় প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি টাকা বলে অনুমান করা হয়েছিল।
ধনীতম অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ হাজার কোটি টাকা। ২০২৫ সালের তালিকায় অমিতাভের সম্পত্তির পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তাঁর সম্পদের আনুমানিক মূল্য ৩ হাজার কোটি টাকা। অন্যদিকে হৃতিক রোশনের সম্পত্তির পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৫ সালে তাঁর সম্পদের মূল্য ছিল ২ হাজার ১৬০ কোটি টাকা।
আরও খবর : প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান
গত বছরের তালিকায় থাকা জুহি চাওলা ও করণ জোহরের নাম ২০২৬ সালের এই তালিকায় দেখা যায়নি। ২০২৫ সালে জুহি চাওলার আনুমানিক সম্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি টাকা এবং করণ জোহরের সম্পত্তির মূল্য ছিল ১ হাজার ৮৮০ কোটি টাকা। চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়িক জগতের আরও কয়েকজন ব্যক্তিও এবারের তালিকায় জায়গা পেয়েছেন।
এদিকে শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, রাঘব জুয়াল, জয়দীপ অহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং জ্যাকি শ্রফ। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
