ওয়েব ডেস্ক : শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন মানেই মন্নতের সামনে ভক্তদের ভিড়। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় মুম্বইয়ে জড়ো হন অনুরাগীরা। কিন্তু এ বছর সেই চেনা ছবিতে বদল আসতে চলেছে। জন্মদিনে ভক্তদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎপর্বে উপস্থিত থাকার সম্ভাবনা নেই বলিউডের বাদশার। কারণ, ওই সময় তাঁর ব্যস্ত থাকার কথা আগামী ছবি ‘কিং’(King)-এর শুটিংয়ে।
২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন শাহরুখ। সূত্রের খবর, জন্মদিনে ছবির একটি গানের শুটিংয়ের জন্য লন্ডনে থাকার কথা তাঁর। ফলে এ বছর মুম্বইয়ে ভক্তদের সঙ্গে পরিচিত সাক্ষাৎপর্বটি হচ্ছে না। সম্প্রতি মুম্বইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের শুটিং করেছেন অভিনেতা। এরপর ‘কিং’-এর আরেকটি গানের শুটিংয়ের জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
আরও খবর : টাইগারকে নিশানা করার আগে আমিরকে টার্গেট? গুলিকাণ্ডে তদন্তে নতুন মোড়
তবে অনুরাগীদের জন্য আশার খবরও রয়েছে। ‘কিং’ ছবির মুক্তির আগে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্ব আয়োজন করতে পারেন শাহরুখ (Shah Rukh Khan)। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। গত দু’বছর ধরে জন্মদিনে মন্নতের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেননি অভিনেতা। বাড়িতে সংস্কারের কাজ চলায় সাময়িকভাবে অন্যত্র থাকতে হচ্ছে তাঁকে। পরিবর্তে মুম্বইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে আয়োজন করা হয়েছিল অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠান। সেখানে পাস নিয়ে হাজির হয়েছিলেন বহু ভক্ত। ব্যক্তিগত সেই আয়োজনে শাহরুখের সঙ্গে কথা বলার, প্রশ্ন করার এবং তাঁকে কাছ থেকে শোনার সুযোগ পেয়েছিলেন অনুরাগীরা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুর। বছরের শেষে ছবির মুক্তির আগে ভক্তদের সঙ্গে সাক্ষাৎপর্বের সম্ভাবনা ঘিরেই এখন অপেক্ষায় অনুরাগীরা।
