ওয়েব ডেস্ক : মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা! হাউথি (Houthi) বিদ্রোহীদের এই হামলার চেষ্টা ঘিরে সৌদি আরবে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াধের তরফে জানানো হয়েছে, পবিত্র দুই শহরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশপথে ধ্বংস করা হয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতে সৌদি আরবে (Saudi Arabia) বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস (Indian Embassy)। আকাশপথে হামলার সতর্কবার্তা পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভবনের ভিতরে জানলা থেকে দূরে থাকা ঘরে আশ্রয় নিতে বলা হয়েছে।
আরও খবর : ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন! ফ্রান্স থেকে ইতালি, স্পেন—রাস্তায় হাজার হাজার মানুষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
এর আগে ১০ অক্টোবর রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। আহত ভারতীয়দের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখতে হাসপাতালগুলিতে যাচ্ছেন দূতাবাসের আধিকারিকরা। তাঁদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবে বিমান পরিষেবা নিয়েও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছিল দূতাবাস। দাম্মাম, জেড্ডা ও মদিনা বিমানবন্দর চালু থাকলেও কিছু ক্ষেত্রে বিমান চলাচলে বিঘ্ন ঘটছিল। এই পরিস্থিতিতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের, বিশেষ করে উমরাহ যাত্রীদের, যাত্রার আগে বিমান পরিষেবার সর্বশেষ পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
