ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের (Madhyapradesh) সাগরে বিষাক্ত মদ খাওয়ার অভিযোগে মৃত্যু (Death) হয়েছে ৯ জনের। মৃতেরা বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার রাতে মদ খাওয়ার পরই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘুঘর, নওরাজ, বরাজ-সহ আশপাশের এলাকার কয়েকজন শনিবার রাতে মদ পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বিষাক্ত মদই মৃত্যুর কারণ কি না, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।
মৃতেরা যে মদ পান করেছিলেন, সেটিও পরীক্ষার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। সেই মদের উৎস কোথায় এবং এর সঙ্গে কোনও বেআইনি মদ সরবরাহকারী চক্র যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা।
