ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোনের হামলা, নিহত অন্তত ১৩

Must Read

ওয়েব ডেস্ক : যুদ্ধের ভয়াবহতা আরও একবার সামনে এল ইউক্রেনে (Ukraine)। বৃহস্পতিবার সকালে পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো শহরের একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। ইউক্রেনের রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাপোরিঝঝিয়ার উদ্দেশে আঞ্চলিক ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সেই সময় জেটচালিত একটি ড্রোন এসে আঘাত হানে প্ল্যাটফর্মে।

ইউক্রেনের রেল পরিচালন সংস্থা জানিয়েছে, হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা জারি থাকা সত্ত্বেও প্ল্যাটফর্মে বহু মানুষ ছিলেন। ইউক্রেনের বায়ুসেনার দাবি, দিনের বেলায় চালানো এই হামলায় চারটি ড্রোনের মধ্যে তিনটিকে প্রতিহত করা সম্ভব হয়। তবে চতুর্থ ড্রোনটি প্রতিরক্ষা এড়িয়ে স্টেশনে আঘাত করে। ডিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। হামলার পর আন্তর্জাতিক মহলের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, রাশিয়ার যুদ্ধনীতি ও সামরিক ব্যবস্থার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। সম্প্রতি রাশিয়ার উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং রুশ ডিজেলের মজুত আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সমঝোতার প্রসঙ্গও তোলেন তিনি।

আরো খবর :  জাফর পানাহির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও সাধারণ নাগরিকদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, রাশিয়া সংঘাত কমানোর বদলে আরও উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিচ্ছে। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের রেললাইন ও স্টেশনগুলিকে নিশানা করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বিমান পরিষেবা বন্ধ থাকায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যাত্রী ও পণ্য পরিবহণের জন্য রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন হামলার আশঙ্কা দেখা দিলে অনেক সময় চলন্ত ট্রেন থামিয়ে যাত্রীদের কামরা থেকে নেমে নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে বলা হয়।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের অন্য এলাকাতেও হামলায় প্রাণহানির খবর মিলেছে। রাজধানী কিয়েভের উত্তরে চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে হামলায় ১৫ বছরের দুই কিশোরীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকে একটি বহুতল আবাসনে ড্রোন আছড়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ছ’বছরের এক শিশুও রয়েছে।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This