কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বোম্বে হাইকোর্টের (Bombay High Court) বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম। নতুন সুপারিশে একাধিক হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)জন্য বিচারপতি ঘুগের নাম রয়েছে।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী, দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি. কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য দিকে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি অশ্বনী কুমার মিশ্রের নাম সুপারিশ করা হয়েছে। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার নামও প্রস্তাব করেছে কলেজিয়াম।
আরও খবর : সপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে পারে ৫%!
এছাড়াও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সেই সূত্রেই বোম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব সামনে এসেছে।
তবে কলেজিয়ামের সুপারিশের পরই নিয়োগ কার্যকর হচ্ছে না। কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরই আনুষ্ঠানিক ভাবে নিয়োগ সম্পন্ন হবে। তার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি ঘুগে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এবার কলেজিয়ামের সুপারিশ কার্যকর হলে সেই দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
কলেজিয়ামের এই সিদ্ধান্তের ফলে কলকাতা হাইকোর্টের পরবর্তী পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে গেল। এখন কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপ এবং রাষ্ট্রপতির অনুমোদনের দিকেই নজর থাকবে।
