ওয়েব ডেস্ক : সরকারি পদ ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একটি বেসরকারি সংস্থাকে বিশেষ আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল রাজস্থানের (Rajasthan) প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব শিখর আগরওয়ালের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে একাধিক রিসর্ট ভিলা কেনার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছে রাজস্থান সরকার। দুর্নীতি দমন শাখা (এসিবি) ইতিমধ্যেই আগরওয়াল, সংশ্লিষ্ট সংস্থার পরিচালন কর্তাদের এবং এই লেনদেনের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে।
তদন্তের কেন্দ্রে রয়েছে গয়াল ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। অনন্ত ব্র্যান্ডের অধীনে হোটেল ও রিসর্ট পরিচালনা করে এই সংস্থা। অভিযোগ, আগরওয়াল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন সংস্থাটিকে বিভিন্ন সরকারি ছাড়, নির্মাণ সংক্রান্ত নিয়মে শিথিলতা এবং প্রয়োজনীয় শংসাপত্র যথাযথ যাচাই ছাড়াই কিছু অনুমোদন পাইয়ে দেওয়া হয়েছিল। উদয়পুরের জেলাশাসক, রাজস্থান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এবং শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্তগুলিও তদন্তের আওতায় রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মোট ৩৬টি ভিলার সন্ধান পেয়েছে এসিবি। উদয়পুরের বুজহড়ায় ২০টি এবং আলওয়ারের আজবগড়ে ১৬টি ভিলা কেনার তথ্য মিলেছে। অভিযোগ, এই সম্পত্তিগুলির একাংশ আগরওয়াল, তাঁর স্ত্রী তথা আইপিএস আধিকারিক প্রশাখা মাথুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নথিভুক্ত করা হয়েছে।
আরও খবর : ওমর আবদুল্লার জীবনে নতুন অধ্যায়, সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মুখ্যমন্ত্রী
এসিবি-র প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বুজহড়ায় ২০২৬ সালের মার্চ মাসে ২০টি ভিলা কেনা হয়। প্রতিটির ঘোষিত ক্রয়মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এর মধ্যে ১০টি আগরওয়ালের এবং ১০টি তাঁর স্ত্রীর নামে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ। আজবগড়ের অনন্ত রিসর্টে কেনা ১৬টি ভিলার মধ্যে আটটি আগরওয়াল ও তাঁর স্ত্রীর নামে, চারটি তাঁদের দুই ছেলের নামে এবং বাকি চারটি তাঁর শ্বশুর-শাশুড়ির নামে কেনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেখানে প্রতিটি সম্পত্তির দাম ১৫ লক্ষ থেকে ১৬.৫ লক্ষ টাকার মধ্যে। সব মিলিয়ে ৩৬টি ভিলার ঘোষিত ক্রয়মূল্য প্রায় ৫.৫২ কোটি টাকা।
এসিবি-র ডিজি গোবিন্দ গুপ্ত জানিয়েছেন, দুর্নীতি দমন আইনের ১৭এ ধারায় তদন্তের জন্য রাজ্য সরকারের আগাম অনুমোদন মিলেছে। প্রাথমিক অনুসন্ধানে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সংশ্লিষ্ট সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া এবং এর ফলে রাজ্য সরকারের আর্থিক ক্ষতির সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। তদন্তকারীদের নজরে বিশেষভাবে রয়েছে ২০২৬ সালের ২৭ মার্চের দুটি ঘটনা। ওই দিন গয়াল ফ্যাশনসকে বিশেষ আর্থিক ছাড়ের প্যাকেজ দিয়েছিল রাজ্যের অর্থ দফতর। একই দিনে আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২০টি ভিলা নথিভুক্ত হওয়ার তথ্যও পাওয়া গিয়েছে।
