কলকাতা: উত্তরবঙ্গে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাল রাজ্য। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। সেখানে জানানো হয়েছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই হাসপাতাল তৈরির জন্য প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, উত্তরবঙ্গে এমস তৈরির প্রস্তাব শীঘ্রই কেন্দ্রের কাছে পাঠানো হবে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নবান্ন থেকে দিল্লিতে প্রস্তাব পাঠানো হল।
মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, রায়গঞ্জে এমস তৈরি হলে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। উন্নত চিকিৎসার জন্য রোগী ও তাঁদের পরিজনদের আর দূরবর্তী শহরে ছুটতে হবে না। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগও বাড়বে।
চিহ্নিত জমি পরিদর্শন এবং হাসপাতাল তৈরির প্রাথমিক প্রস্তুতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য। প্রস্তাবটি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যসচিব।
রায়গঞ্জের সভা থেকেই জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার। জেলার হাসপাতালগুলির পরিকাঠামো বদল, ট্রমা অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং স্মার্ট স্কুল তৈরির কথাও জানিয়েছেন তিনি।
তবে রায়গঞ্জে এমস তৈরির ক্ষেত্রে কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন এবং পরবর্তী প্রক্রিয়া এখনও বাকি। রাজ্যের প্রস্তাব কত দ্রুত বিবেচিত হয়, এখন সেদিকেই নজর উত্তরবঙ্গের মানুষের।
