নথি বিতর্ক কাটিয়ে রাজ্যসভায় রাহুল সিনহা, হাত ধরে শুভেচ্ছা বাবুল সুপ্রিয়র

0
33

কলকাতা: মনোনয়ন ঘিরে বিতর্ক ও অভিযোগের পর অবশেষে রাজ্যসভায় নির্বাচিত হলেন বিজেপির (BJP) প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha)। সোমবার বিধানসভায় তাঁর হাতে জয়ের সার্টিফিকেট তুলে দেন সংশ্লিষ্ট আধিকারিক। সেই সময়ই সৌজন্যের ছবি ধরা পড়ে, রাহুলের হাত ধরে তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায় তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ভুলভ্রান্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, পূর্বসূরির ফর্ম ‘টুকে’ জমা দেওয়ায় নথিতে গন্ডগোল হয়। সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কমিশনের নির্দেশে শেষ মুহূর্তে নথি সংশোধন করে জমা দিতে হয়েছিল রাহুল সিনহাকে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত থাকলেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ধরনামঞ্চে উত্তেজনা! মঞ্চের সামনে বিজেপির লিফলেট বিলির অভিযোগ

তবে শেষ পর্যন্ত সেই জট কেটে যায়। সোমবার আনুষ্ঠানিকভাবে জয়ের সার্টিফিকেট পান বিজেপির এই নেতা। একই দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সার্টিফিকেট পেয়েছেন তৃণমূলের প্রার্থীরাও বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক ও রাজীব কুমার। দিল্লিতে থাকায় মেনকা গুরুস্বামীর হয়ে সার্টিফিকেট গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন হওয়ার কথা। এবার বাংলা থেকে পাঁচটি আসন খালি হয়েছিল, যার মধ্যে চারটি তৃণমূল ও একটি বিজেপির দখলে যাওয়ার কথা ছিল। তৃণমূলের প্রার্থীদের তালিকায় ছিলেন প্রাক্তন ডিজি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং রাজ্যের মন্ত্রী ও প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।

অন্যদিকে বিজেপি তাদের একমাত্র প্রার্থী হিসেবে পাঠিয়েছে দলের প্রবীণ নেতা রাহুল সিনহাকে। সব বিতর্কের পর শেষমেশ তাঁর জয়ের পথও মসৃণ হল। বিধানসভার করিডরে বাবুল সুপ্রিয় ও রাহুল সিনহার সৌজন্য বিনিময়ের সেই মুহূর্ত রাজনৈতিক মহলেও আলাদা করে নজর কেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here