35 C
Kolkata

সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ, রাতভর তল্লাশির পর গ্রেফতার ৬!

Must Read

কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Ahishek Banerjee) উপর হামলা ও হেনস্তার অভিযোগে তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে বলে সূত্রের খবর। সোনারপুরে (Sonarpur) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগে বড় পদক্ষেপ করল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পর রাতভর তল্লাশি অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। সেই সূত্র ধরেই স্থানীয় কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মেসি কাণ্ডে নয়া মোড়! প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের FIR, ‘সত্যমেব জয়তে’ লিখে পোস্ট শতদ্রুর

শনিবার এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেখানে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর কনভয় লক্ষ্য করে ডিম ও ইটের টুকরো ছোড়া হয়। কিছু বিক্ষোভকারী ‘চোর’ স্লোগানও দিতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে এবং ফেরার সময়ও তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারীরা ঘটনার বিভিন্ন ভিডিও সংগ্রহ করেছেন। প্রাথমিক তদন্তে ধৃতদের কয়েক জনকে হামলার সময় ঘটনাস্থলে সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের জেরা করে হামলার নেপথ্যে আর কারা ছিল, কোনও সংগঠিত পরিকল্পনা ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আরও কয়েক জনকে নজরে রাখা হয়েছে বলেও সূত্রের দাবি।

ঘটনার পর থেকেই সোনারপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার রাতেও পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই কারণেই রাতভর অভিযান চালানো হয়। রবিবার সকালে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে। যদিও ধৃতদের পরিচয় বা তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, ভর্তি করার প্রয়োজন নেই। পরে তাঁকে শহরের আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেও একই মত দেন চিকিৎসকেরা। এই পুরো সময় তাঁর পাশে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেককে বাড়িতে ফিরিয়ে আনার পর বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আপাতত বাড়িতেই অভিষেকের চিকিৎসা চলবে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

Latest News

লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় দুর্নীতি! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

মুর্শিদাবাদ: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে দুর্নীতির (Corruption) অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। ডোমকল পঞ্চায়েত সমিতির (Domkal Panchayat Samiti)...

More Articles Like This